বলিউডে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না—একই ফ্রেমে শাহরুখ খান, সালমান খান ও আমির খান! আর সেই বিরল দৃশ্য দেখা গেল আমির খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘সিতারে জামিন পার’-এর বিশেষ প্রদর্শনীতে। শুক্রবার (২০ জুন) সিনেমাটির মুক্তিকে সামনে রেখে আয়োজিত এই ইভেন্ট যেন একসাথে জড়ো করেছিল পুরো বলিউডের হৃদস্পন্দন।
মুম্বাইয়ের একটি অভিজাত সিনেমা হলে আয়োজিত এই প্রদর্শনীতে শুধু তিন খান নয়, আরও বহু তারকামুখ হাজির ছিলেন। তবে সব আলো যেন কেন্দ্রীভূত হয়েছিল শাহরুখ-সালমান-আমির–এই তিন কিংবদন্তির হাসিমাখা উপস্থিতিতে। ভক্তদের জন্য এটি ছিল এক স্বপ্নময় মুহূর্ত, যা রাতারাতি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
প্রদর্শনীর পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে সালমান খানকে দেখা যায় আমির খানের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে। পাশাপাশি তিনি ছবিটিরও ভূয়সী প্রশংসা করেন। মজার এক মুহূর্তে সালমান পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, “এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আপনারা ইন্টারভিউ নিচ্ছেন না!” —এই রসিকতাটি ইতিমধ্যে হাজারো লাইক আর মন্তব্য কুড়িয়েছে। এক নেটিজেন লিখেছেন, “আমরা এই বন্ধুত্ব ভাঙব না।” আরেকজন মন্তব্য করেছেন, “বেস্ট ফ্রেন্ডস ফরএভার!”
তিন খানের বাইরেও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বলিউডের আরও জনপ্রিয় তারকারা—ভিকি কৌশল, রেখা, হিমেশ রেশমিয়া, তামান্না ভাটিয়া, ইমরান খান, জুনেইদ খান, আমির খানের মেয়ে ইরা খান এবং তার স্বামী নূপুর শিখরে। বলিউডের এই তারকাবহুল সন্ধ্যা যেন হয়ে উঠেছিল এক উজ্জ্বল তারার মেলা, যেখানে সিনেমার চেয়ে বড় হয়ে উঠেছিল বন্ধুত্ব, স্মৃতি আর ভালোবাসার আবহ।
‘সিতারে জামিন পার’ এর মুক্তি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল শুরু থেকেই, তবে তিন খানের এই পুনর্মিলন যেন সেই উত্তেজনাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছে। ছবিটি কতটা সফল হয় তা সময়ই বলবে, তবে এক রাতের এই তারকাখচিত মিলন যে ইতিমধ্যেই ইতিহাস হয়ে গেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

