পাকিস্তানে ফেলে আসা কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। বহু দিন ধরেই তাকে নিয়ে প্রশ্ন উঠছে—তিনি কি কেবল অর্থের জন্যই ভারতে এসেছেন?
এবার এসব প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন এই গায়ক। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “যারা মনে করে আমি টাকার জন্য ভারতে এসেছি, তাদের বলি—আমি কিন্তু পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি রেখে এসেছি।”
জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক হলেও ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পান আদনান সামি। তবে তিনি জানান, শুধু ভারত নয়, চাইলে তিনি জার্মানি, ইংল্যান্ড, কানাডা কিংবা আমেরিকার নাগরিকত্বও নিতে পারতেন। কিন্তু ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি টান থেকেই তিনি এদেশকে বেছে নেন।
আদনানের কথায়, “ভারতের মূল্যবোধ আমাকে আকর্ষণ করেছে। পাকিস্তান এই মূল্যবোধ সহ্য করতে পারে না বলেই আমি ভারতকে বেছে নিয়েছি।”
তবে নাগরিকত্ব পাওয়া তার জন্য সহজ ছিল না বলে উল্লেখ করেন গায়ক। তিনি বলেন, “পাকিস্তানের এমন পরিবেশে বড় হয়েছি, যেখানে শুধু ভারতের বিরুদ্ধে নেতিবাচক কথা শুনতাম। কিন্তু ভারতে আসার পর সব বদলে গেছে। এখন আমি জানি—ভারত আসলে কেমন এবং পাকিস্তানই বা আসলে কী।”
২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সমালোচনাও করেন আদনান সামি। তিনি লেখেন, “অনেকে জানতে চায়, কেন আমি পাকিস্তানকে অপছন্দ করি। আমি স্পষ্ট করতে চাই, যারা আমাকে ভালোবেসেছে, তাদের প্রতি আমার কোনো রাগ নেই। তাদের আমি ভালোবাসি।”

