বিশ্বজুড়ে রেকর্ড গড়ার মিছিলে যেন একটাই নাম— স্কুইড গেম। প্রথম সিজনে বিশ্ববাজার কাঁপানো এই কোরিয়ান সিরিজ এবার তৃতীয় সিজনের মুক্তির একদিনের মধ্যেই গড়েছে নতুন ইতিহাস।
গত ২৭ জুন নেটফ্লিক্সে মুক্তি পায় বহুল প্রতীক্ষিত স্কুইড গেম ৩। এর ঠিক পরদিন, ২৮ জুন সিরিজটি বিশ্বের ৯৩টি দেশের টপচার্টে এক নম্বরে উঠে আসে, যা আগে কোনো কোরিয়ান বা অ-ইংরেজি ভাষার সিরিজের ক্ষেত্রে দেখা যায়নি। জনপ্রিয় ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘ফ্লিক্সপ্যাট্রল’-এর মতে, মুক্তির প্রথম দিনেই এটি নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিরিজে পরিণত হয়— ইংরেজি ও অ-ইংরেজি দুই ক্যাটাগরিতেই।
প্রথম সিজন বিশ্বজুড়ে এক নম্বরে উঠতে সময় নিয়েছিল এক সপ্তাহ, দ্বিতীয় সিজন পৌঁছেছিল ৮০টি দেশে। আর ‘সিজন ৩’ মাত্র এক দিনেই টপ চার্টে স্থান করে নিয়েছে ৯৩টি দেশে— এটি নিঃসন্দেহে কোরিয়ান টেলিভিশন ইতিহাসে এক নতুন মাইলফলক।
সিজনের কাহিনিতে এবারও ফিরেছেন আগের দুই তারকা— লি জং জে ও লি বিয়ং হুন। ‘ফ্রন্ট ম্যান’ চরিত্রের রহস্যময়তা আর লি জং জের মানসিক দ্বন্দ্ব ঘিরে গড়ে উঠেছে এই মৌসুমের নাটকীয়তা। নতুন সিজনে আরও ভয়াবহ ও কৌশলী মৃত্যুর খেলা দর্শকদের বুঁদ করে রেখেছে।
যদিও সিরিজের শেষাংশ ও কিছু দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে মতবিরোধ রয়েছে, তবুও আইএমডিবি-তে ৮ রেটিং এবং রটেন টমেটোস-এ ৮৩% অ্যাপ্রুভাল প্রমাণ করে যে দর্শক প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। মুক্তির সঙ্গে সঙ্গে রিভিউ, প্রতিক্রিয়া ও মিমে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। টিকটক,গুগল ও এক্স -এ স্কুইড গেম ৩ ট্রেন্ডিং-এ উঠে আসে ঘণ্টাখানেকের মধ্যেই।
এই সাফল্যের ধারাবাহিকতায় নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে, স্কুইড গেম নিয়ে আসছে একটি আমেরিকান রিমেক। কোরিয়ান সংস্কৃতির অনন্য গল্প এবার পৌঁছে যাবে আরও বড় আন্তর্জাতিক বাজারে। তৃতীয় সিজনের শেষে অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। ধারণা করা হচ্ছে, পরবর্তী সিজনে জনপ্রিয় হলিউড তারকারাও যুক্ত হবেন এই গেম অফ সারভাইভালের সঙ্গে।
স্কুইড গেম ৩ এখন শুধু একটি সিরিজ নয়— এটি রূপ নিচ্ছে একটি গ্লোবাল ব্র্যান্ডে।

