বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও ওপার বাংলার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর নির্মিত আসন্ন চলচ্চিত্র ডিয়ার মা-এর ট্রেলার মুক্তি পেয়েছে। সামাজিক মাধ্যমে ট্রেলারটি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। এই সম্মানে আবেগাপ্লুত পুরো চলচ্চিত্র দল।
শুক্রবার সকালে অমিতাভ বচ্চন তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সিনেমার ট্রেলারটি শেয়ার করে লেখেন, “টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল।” মাত্র কয়েকটি শব্দে লেখা সেই বার্তাই যেন পরিচালকের কাছে আশীর্বাদ হয়ে আসে।
পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী প্রতিক্রিয়ায় বলেন, “এটা শুধু শুভেচ্ছা নয়, আমাদের কাছে এটি এক আশীর্বাদ। অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি একজন মানুষ আমাদের কাজকে যে সম্মান জানালেন, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে, কাঁধে কেউ হাত রেখে বলছে- ‘এগিয়ে যাও’।”

অন্যদিকে, তখন কলকাতা বিমানবন্দরে ছিলেন জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভেচ্ছাবার্তা পড়ছিলেন তিনি। গণমাধ্যমে প্রতিক্রিয়ায় জয়া বলেন, “আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। এমন একজন মানুষ, যাঁর সিনেমা দেখে আমরা বড় হয়েছি, যাঁকে স্টার ভাবি, তিনি আজ আমাদের কাজের জন্য শুভকামনা জানালেন- এটা পরম প্রাপ্তি।”
তিনি আরো বলেন, “শুধু আমার জন্য নয়, বাংলা সিনেমার জন্যও এটি বড় সম্মান। অনেকেই অমিতাভ বচ্চনের অনুপ্রেরণায় চলচ্চিত্রে এসেছেন। তাঁর প্রশংসা বাংলা সিনেমার প্রতি ভালোবাসারই প্রকাশ।”
চলচ্চিত্রটির পোস্ট-প্রোডাকশন নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছে পুরো টিম। ডিয়ার মা সিনেমায় মায়ের চরিত্রে এক নতুন রূপে হাজির হয়েছেন জয়া আহসান। ট্রেলারে দেখা গেছে মা ও সন্তানের সম্পর্কের জটিলতা, আবেগ ও বাস্তবতার মুখোমুখি হওয়ার দৃশ্যাবলি। ট্রেলারটি প্রকাশের পর থেকেই তা সাড়া ফেলেছে অনলাইন দুনিয়ায়।

