হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন তাঁর নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’–এর সাফল্যের মাধ্যমে বিশ্ববাজারে বক্স অফিস আয়ের নতুন রেকর্ড গড়েছেন। সিনেমাটির ব্যাপক সাফল্যের কারণে স্কারলেটের মোট আয় পৌঁছেছে ১৪.৮ বিলিয়ন ডলারে, যা তাকে বিশ্বের সর্বোচ্চ আয়ের প্রধান অভিনেতার মর্যাদা দিয়েছে। মার্কিন গণমাধ্যম দ্য র্যাপ এ তথ্য জানিয়েছে।
৪০ বছর বয়সে পা দেওয়া এই অভিনেত্রীর আয় বড় অংশ এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজসহ ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’–এর মতো আলোচিত সিনেমা থেকে, যেখানে তিনি ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমাগুলো থেকে তার আয় হয়েছে ৮.৭ বিলিয়ন ডলারের বেশি।
নতুন ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমায় স্কারলেটকে দেখা গেছে সাবেক সামরিক কর্মকর্তা জোরা বেনেট চরিত্রে, যিনি ডাইনোসরে ভরা এক দ্বীপে বিপজ্জনক অভিযান চালান। মুক্তির মাত্র ছয় দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালের সিনেমার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
বক্স অফিস বিশ্লেষণ সাইট দ্য নাম্বার্স জানায়, প্রধান চরিত্রে অভিনয় করে স্কারলেটের মোট আয় এখন ১৪.৮ বিলিয়ন ডলার, যেখানে তার মার্ভেল যাত্রার শুরু ‘আয়রন ম্যান ২’ ও অ্যানিমেটেড মিউজিক্যাল ‘সিং’–এর ‘রকস্টার পোর্কুপাইন’ চরিত্রে কণ্ঠভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকায় স্কারলেট স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রদের মতো মার্ভেল তারকাদেরও ছাপিয়ে গেছেন। এছাড়া শীর্ষ পাঁচে আছেন টম হ্যাঙ্কস ও ক্রিস প্র্যাট। উল্লেখযোগ্য যে, স্কারলেট মাত্র ৩৬টি প্রধান চরিত্রে অভিনয় করে এই সাফল্য অর্জন করেছেন, যেখানে স্যামুয়েল অভিনয় করেছেন ৭১টি ও ডাউনি জুনিয়র ৪৫টি ছবিতে।

