প্যারিস ভ্রমণে গিয়ে স্বামীর নামে ‘লাভ লক’ ঝুলিয়ে আলোচনায় এলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মন্টমার্ত্রের ঐতিহাসিক স্যাক্রে-ক্যো গির্জার সামনে লোহার বেষ্টনিতে একটি ছোট তালা লাগিয়ে ভালোবাসার প্রতীক হিসেবে এই রীতি পালন করেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, তালাটিতে লেখা রয়েছে মেহজাবীনের স্বামীর নাম। পাশেই দাঁড়িয়ে থাকা মেহজাবীন পরেছেন ছিমছাম পোশাক, মুখে রোমান্টিক হাসি। ভক্তদের মতে, ছবিটি শুধু ভালোবাসার নয়, একই সঙ্গে এক আবেগঘন মুহূর্তও।
উল্লেখ্য, ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে প্যারিসে ‘লাভ লক’ লাগানোর রীতি দীর্ঘদিনের। যুগলরা একসঙ্গে তালা লাগিয়ে চাবিটি ফেলে দেন সাইন নদীতে, বিশ্বাস করা হয় এতে সম্পর্ক চিরস্থায়ী হয়। মেহজাবীনও সেই ঐতিহ্যের অংশ হলেন এবার।
জানা গেছে, মাসখানেক আগে ইউরোপ সফরে গিয়েছিলেন মেহজাবীন। তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব ‘আলী’ সিনেমা নিয়ে অংশ নেন কান চলচ্চিত্র উৎসবে। উৎসব শেষে তাঁরা একসঙ্গে বেড়িয়ে পড়েন ইউরোপ সফরে। সেখানেই এই মুহূর্তটি ধারণ করেন অভিনেত্রী, যা সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তিনি প্রশংসায় ভাসছেন।
ছবি প্রকাশের পর থেকেই তা ভাইরাল হয়ে পড়েছে। ভক্তরা বলছেন, “এমন রোমান্টিক মেহজাবীন আগে দেখা যায়নি।”

