ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ দেশজুড়ে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। পরিচালক রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি এবার পা রাখল আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে এর প্রদর্শনী শুরু হয়েছে, আর এর কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিলেন শাকিব খান।
শনিবার রাতে বিমানের ভেতর থেকে নিজের একটি ছবি পোস্ট করেন শাকিব খান। ছবিতে তাকে দেখা যায় সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস এবং মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে থাকতে। তিনি ক্যাপশনে লেখেন,
“রোমাঞ্চ যাত্রা শুরু হোক!”
যদিও তিনি স্পষ্টভাবে জানাননি কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, তবে ধারণা করা হচ্ছে, ‘তাণ্ডব’-এর আন্তর্জাতিক প্রিমিয়ারে অংশ নেওয়ার জন্যই এই সফর।

১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। দেশীয় চলচ্চিত্র হিসেবে এটি একটি বিরল ঘটনা, যেখানে কোনো বাংলা সিনেমা একযোগে এতগুলো মার্কিন শহরে মুক্তি পাচ্ছে। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রবাসী বাঙালিদের বিপুল আগ্রহও লক্ষ্য করা গেছে।
তবে শাকিব খানের এই সফর নিয়ে ভক্তদের মনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—তাঁর হলিউড যাত্রা কি শুরু হতে যাচ্ছে?
এর আগেই গুঞ্জন উঠেছিল, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর শাকিব খানকে নিয়ে একটি হলিউড প্রজেক্টে কাজ করতে চান। সেই সময় তিনি জানিয়েছিলেন, চিত্রনাট্য প্রস্তুতির কাজ চলছে এবং শাকিব খান যুক্তরাষ্ট্রে পৌঁছালেই বিষয়টি চূড়ান্ত হবে। শাকিবের এই সফর তাই সেই গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।
শাকিব খানের সামনে আরও একটি আলোচিত প্রজেক্ট রয়েছে। শোনা যাচ্ছে, নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী নিয়ে নির্মিতব্য একটি সিনেমায় এই ভয়ংকর চরিত্রে দেখা যেতে পারে তাকে। ছবিটি যদি পরিকল্পনামাফিক এগোয়, তবে আগামী বছরের ঈদে মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
শাকিব খানের ‘তাণ্ডব’ এখন শুধু দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পৌঁছাতে শুরু করেছে। সেইসঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায়ের ইঙ্গিতও দিচ্ছেন এই ঢালিউড সুপারস্টার। প্রিমিয়ার হোক কিংবা হলিউড—‘তাণ্ডব’-এর গর্জন যেন থামার নয়।

