সময় বদলায়, কিন্তু কিছু ঘটনা থেকে যায় মনে গেঁথে। যেমনটা এখন বাংলাদেশে আলোচিত এক ভয়াবহ সামাজিক ব্যাধি—‘মব জাস্টিস’ বা গণপিটুনির কালো সংস্কৃতি। কোনো প্রমাণ ছাড়াই জনরোষে মানুষ মারা যাচ্ছে, বিচার না হতেই হয়ে যাচ্ছে মৃত্যুদণ্ড! এই বাস্তবতাই এবার উঠে আসছে ছোট পর্দায়—চ্যানেল আই-এর জন্য নির্মিত টেলিছবি ‘আমারও গল্প আছে’।
টেলিছবির গল্পটি আবর্তিত হয়েছে এক বাবা-মেয়ের সম্পর্ক এবং সমাজের নির্মমতার চারপাশে। মেয়েটির কাছে তার বাবা সেরা মানুষ, অথচ সমাজের চোখে তিনি একজন চোর! জনতার রোষে সেই মানুষটি একসময় হয়ে ওঠে মব জাস্টিসের শিকার। ফলাফল—এক হৃদয়বিদারক পরিণতি, যা শুধু একটি পরিবারকেই নয়, প্রশ্ন তোলে গোটা সমাজব্যবস্থার মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাবোধের ওপর।
এই টেলিছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, আর তার মেয়ের চরিত্রে আছেন মুনতাহা এমিলিয়া। তাদের অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে একজন নির্দোষ মানুষের অসহায়ত্ব এবং একটি মেয়ের হারানোর ব্যথা।
নাটকটির নির্মাতা রানা বর্তমান বলেন,
“সংবাদমাধ্যমে প্রায়ই দেখি কোনো না কোনো মানুষ মব জাস্টিসের শিকার হচ্ছেন। কখনও চোখে পড়ে তার নিথর দেহ, কখনও তার সন্তান বা স্ত্রীর কান্না। আমি চুপ থাকতে পারিনি। নির্মাতা হিসেবে আমার দায়িত্ব ছিল মানুষকে সচেতন করার, তাই এই গল্প বলেছি।”
অভিনেতা আজিজুল হাকিম বলেন,
“এই অমানবিক, আইনবহির্ভূত বিচার বন্ধ হওয়া দরকার। কেউই নিজ হাতে বিচার করতে পারে না। প্রত্যেক নাগরিকের আইনগত সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। নাটকের মাধ্যমে আমরা এই বার্তাটিই দিতে চেয়েছি।”
এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন—সুষমা সরকার, গোলাম রাব্বানী, আবদুল আজিম, তুহিন চৌধুরী, সহিদুল ইসলাম ও রিমন সাহা।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘আমারও গল্প আছে’ টেলিছবিটি প্রচার হবে ১৮ জুলাই, চ্যানেল আই-এ।

