বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গুণী অভিনেত্রী জয়া আহসানের জন্য আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, আজ ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘ডিয়ার মা’। সিনেমাটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়ার বিপরীতে অভিনয় করেছেন চন্দন রায় স্যানাল।
‘ডিয়ার মা’ একটি সম্পর্কনির্ভর চলচ্চিত্র। এটি মূলত মা ও মেয়ের মধ্যকার সম্পর্কের গল্প। এই সিনেমায় মা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

সিনেমাটি নিয়ে জয়া বলেন, “সত্যিই আজকের দিনটি আমার জন্য বিশেষ। আজ ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে। দর্শকদের প্রতি আমার ভালোবাসা রইল। তারা যদি ভালোভাবে সিনেমাটি গ্রহণ করেন, তবে আমাদের পরিশ্রম সার্থক হবে।”
তিনি আরো বলেন, “এই সিনেমায় আমরা যারা অভিনয় করেছি, পর্দার পেছনে যারা কাজ করেছেন, সবাই দারুণ কাজ করেছেন। পুরো টিম একসঙ্গে মিলে ‘ডিয়ার মা’ বানিয়েছে।”

পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর প্রশংসা করে জয়া বলেন, “তিনি ভীষণ ভালো একজন নির্মাতা। পুরো মেধা দিয়ে কাজ করেছেন। আমাকে এমন একটি চরিত্র দেওয়ার জন্য তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই।”
মায়ের চরিত্রে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “এবার মায়ের চরিত্রে অভিনয় করেছি। কতটুকু পেরেছি, তা দর্শকরাই বলবেন। তবে আমি বলব, খুবই চমৎকার একটি গল্পে কাজ করার সুযোগ পেয়েছি।”

‘ডিয়ার মা’ কেমন ধরনের দর্শকের জন্য- এই প্রশ্নের জবাবে জয়া বলেন, “সব শ্রেণির দর্শকের জন্যই এই সিনেমা। এটি পরিবার নিয়ে দেখার মতো চলচ্চিত্র, যা সবার হৃদয় ছুঁয়ে যাবে। আমরা চাই সব শ্রেণির দর্শক যেন সিনেমাটির সঙ্গে কানেক্ট করতে পারেন।”
সিনেমাটি মুক্তির আগে কলকাতাজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় বিলবোর্ড, পোস্টার লাগানো হয়েছে। জয়া নিজেও প্রচারণায় অংশ নিচ্ছেন।
এই সিনেমার ট্রেলার কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এবং তা নিজের সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন।

বর্তমানে জয়া কলকাতায় ‘অর্ধাঙ্গীনি’ নামের একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে, তার অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ শিগগিরই কলকাতায় মুক্তি পাবে।
চলতি বছর জয়ার অভিনয়জীবনে বেশ ব্যস্ততা ও সফলতার মধ্য দিয়ে যাচ্ছে। গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘তান্ডব’ ও ‘উৎসব’ সিনেমা। ‘তান্ডব’ সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে, আর ‘উৎসব’-এ জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরীদের সঙ্গে অভিনয় করেছেন। দুই ছবিই দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

