ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস ও তার ব্যান্ড নগর বাউল। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে চলমান কনসার্ট সফরের একটি শো থেকে আয়ের একটি অংশ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য ব্যয়ের ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।
উল্লেখ্য, বুধবার (২৪ জুলাই) পর্যন্ত মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে পৌঁছেছে। স্বাধীনতা পরবর্তী সময়ের ভয়াবহতম এই বিমান দুর্ঘটনায় স্তম্ভিত পুরো জাতি।
এবিষয়ে আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ২৫ জুলাই আয়োজিত ‘নগর বাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ কনসার্ট থেকে টিকিট বিক্রির একটি অংশ সরাসরি মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।
পোস্টে আরো বলা হয়, “ঢাকার এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে। সংগীতের মাধ্যমে আমরা পাশে দাঁড়াতে চাই ঐক্যের এবং সহমর্মিতার প্রতীক হয়ে।”
নগর বাউলের মূল ভোকাল জেমস তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত শোকবার্তায় লেখেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মাইলস্টোন কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর সমবেদনা, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ এ ঘটনায় থেমে গেল।”
তিনি আরো লেখেন, “আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন, আমাদের প্রার্থনা তাদের সঙ্গেই রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট উদ্ধারকর্মীদের সাহসিকতায় আমরা কৃতজ্ঞ। যারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।”

জেমসের যুক্তরাষ্ট্র সফরে আগামী ২ আগস্ট ‘ফ্রিডম হাই স্কুল’, উডব্রিজ, ভার্জিনিয়ায় আরেকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে। এতে তার সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন গায়ক প্রতীক হাসান ও প্রীতম হাসান। তারা দুজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এই কনসার্ট আয়োজন করছে স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন ইউএসএ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ও একাত্তর ফাউন্ডেশন। সফর শেষে নগর বাউলের দেশে ফেরার কথা রয়েছে সেপ্টেম্বর মাসে।
বর্তমানে নগর বাউলের সদস্যরা হলেন: ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার) ও তালুকদার সাব্বির (বেজ গিটার)।

