সংগীতপ্রেমীদের জন্য দীর্ঘ দিনের অপেক্ষা শেষ হতে চলেছে। পপ মিউজিকের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনের বর্ণাঢ্য গল্প এবার বড় পর্দায় ধরা দেবে একটি বিশেষ বায়োপিকে। ২০২৬ সালের ২৪ এপ্রিল মুক্তি পাবে ‘মাইকেল’—এই চলচ্চিত্রটি কেবল তার জীবনের জনপ্রিয় গানগুলোই নয়, ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতন এবং সঙ্গীতের প্রতি তার গভীর ভালোবাসার গল্পও ফুটিয়ে তুলবে।
অ্যান্টইন ফুকুয়া পরিচালিত এবং জন লোগান রচিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তারই ভাইপো, জাফর জ্যাকসন। প্রিয় কাকার প্রতি তার ভালবাসা আর শ্রদ্ধা থেকেই এই চ্যালেঞ্জ নেয়া। ছবিটি প্রযোজনা করছেন গ্রাহাম কিং।
‘মাইকেল’ ছবির গল্প শুরু হবে মাইকেলের তারকা হয়ে ওঠার দিনগুলো থেকে, তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক, বিতর্ক এবং কীভাবে তিনি বিশ্বজুড়ে ‘পপ কিং’ হিসেবে নিজের অবিচ্ছেদ্য ছাপ রেখে গেছেন—সবকিছুই এতে নিখুঁতভাবে তুলে ধরা হবে।
প্রথমে এই বায়োপিকটি ২০২৪ সালের অক্টোবর মাসে মুক্তির কথা থাকলেও, নির্মাতারা মুক্তির তারিখ কিছুদিন আগেই পরিবর্তন করে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত পিছিয়েছেন। এর ফলে ভক্তদের মধ্যে আগ্রহ ও কৌতূহল আরও বেড়েছে। ছবিটির শুটিং ২০২৪ সালে শেষ হলেও পরে কিছু অংশ পুনরায় কাজ করা হয়েছে।
আলাদা দুটি পর্বে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ‘মাইকেল’ একক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি পাবে। এটি মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য নিঃসন্দেহে এক বড় উপহার, যা তাদের প্রিয় তারকার অজানা জীবনের নানা অধ্যায় জানার সুযোগ করে দেবে।

