রাজনৈতিক ময়দানে আবারো পা রাখতে পারেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার আর নয় বিজেপি- গুঞ্জন উঠেছে তিনি এবার তৃণমূল কংগ্রেসের হয়েই নির্বাচনে লড়বেন।
সম্প্রতি কলকাতায় তৃণমূল কংগ্রেস আয়োজিত শহীদ দিবসের ২১ জুলাইয়ের মঞ্চে শ্রাবন্তীর উপস্থিতি এ জল্পনার সূত্রপাত করে। সেখানে তাঁকে শাসকদলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা গেছে। রাজনৈতিক অঙ্গনে ধারণা তৈরি হয়েছে, তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “এখনই কিছু বলা সম্ভব নয়। তবে যদি সেই সময় তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে আমি এখনো পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব ভালোভাবে বুঝে নিতে চাই, তারপরই সামনে এগোব। না হলে নয়।”
সাক্ষাৎকারে তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার তিক্ত অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। সে সময় শ্রাবন্তী বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হন। কিন্তু ভোটের ফলাফলে হেরে যেতে হয় তাঁকে। সেই প্রসঙ্গে তিনি বলেন, “আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি।”
শ্রাবন্তী আরো জানান, বেহালা পশ্চিম তার নিজ বাড়ির এলাকা এবং সেখানেই তিনি ভোট দেন। সেই জায়গার সঙ্গে আবেগ জড়িয়ে আছে বলে তিনি জানান। তিনি বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে এবার যদি সিদ্ধান্ত নিই, সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার উপর ভিত্তি করেই হবে।”
শ্রাবন্তীর তৃণমূলে যাওয়ার গুঞ্জন জোরদার হওয়ার পেছনে আরও একটি বিষয় রয়েছে। সম্প্রতি আরো কয়েকজন তারকা-যেমন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্ত- বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। তাদের মতোই শ্রাবন্তীর দলবদলের সম্ভাবনাও দেখা দিচ্ছে।
তবে রাজনীতির পাশাপাশি অভিনয়েও বর্তমানে সক্রিয় আছেন শ্রাবন্তী। সম্প্রতি মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘রবীন্দ্র কাব্য রহস্য’ সিনেমা, যেখানে তার সহশিল্পী ছিলেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়া আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর অন্যতম আলোচিত সিনেমা ‘দেবী চৌধুরাণী’। ছবিতে তিনি নামভূমিকায় অভিনয় করছেন, আর ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সব মিলিয়ে রাজনীতি এবং অভিনয়- দুই মঞ্চেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদিও এখনই তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি তিনি, তবে তার বক্তব্য থেকেই স্পষ্ট- ভবিষ্যতে দলের মনোনয়ন পেলে ফের ভোটের লড়াইয়ে নামতে পারেন তিনি।

