বিশ্বের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা হিসেবে নতুন করে আলোচনায় এসেছে জেমস ক্যামেরনের বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’-এর তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্ব ‘দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তির তিন বছর পর অবশেষে প্রকাশ পেল পরবর্তী অধ্যায়ের ট্রেলার—‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।
দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এ সিনেমার অফিসিয়াল ট্রেলার সোমবার, ২৮ জুলাই সন্ধ্যায় ইউটিউবে উন্মুক্ত করে ডিজনি। তবে এর আগেই সিনেমা হলে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ চলাকালীন ট্রেলারের অংশবিশেষ প্রদর্শিত হচ্ছিল, যেখান থেকে অনলাইনে ফাঁসও হয়ে গিয়েছিল কিছু ঝলক।
এই পর্বে প্যান্ডোরার পরিচিত নীল জাতি না’ভিদের সামনে হাজির হয়েছে নতুন ও ভয়ংকর এক হুমকি—অ্যাশ পিপল। আগ্নেয়গিরির আশেপাশে বসবাসকারী এই জাতি আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং স্বভাবে তারা আগের সব জাতির চেয়ে আরও হিংস্র, লোভী এবং ধ্বংসাত্মক।
গল্পের কেন্দ্রবিন্দুতে এবার আগুন। আগুনকে ঘিরেই আবর্তিত হবে যুদ্ধ, বেঁচে থাকার লড়াই এবং হার-না-মানার এক গভীর মানসিক যাত্রা।
এই পর্বে ভয়ংকর এক চরিত্র হিসেবে হাজির হয়েছেন অ্যাশ পিপলদের নেত্রী ভারাং। চরিত্রটিতে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোনস’-খ্যাত ওনা চ্যাপলিন। গল্প অনুযায়ী, ভারাং-এর হাতে জ্বলতে থাকবে প্যান্ডোরার নানা অঞ্চল। তার আগ্রাসনের সামনে পড়ে যায় জ্যাক সুলি ও নেতিরির পরিবার।
তবে আগের মতোই জ্যাক সুলি চরিত্রে স্যাম ওয়ার্থিংটন এবং নেতিরির ভূমিকায় জো সালদানা ফিরছেন এই পর্বেও।
দ্বিতীয় পর্বে ক্যামেরন আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন ‘ম্যাটাকাইনা’ নামে এক সামুদ্রিক না’ভি গোত্রের সঙ্গে, যারা বাস করে প্যান্ডোরার সাগরঘেরা অঞ্চলে। জল ও স্থল মিলিয়ে গড়ে উঠেছিল সেই কাহিনি।
কিন্তু এবার সেই বিপরীত—প্যান্ডোরার আরেক অন্ধকার অধ্যায়। আগুন, ছাই, ধ্বংস আর প্রতিহিংসার রাজ্যে ঘুরে বেড়াবে এই সিনেমার প্রতিটি মুহূর্ত।
পরিচালক জেমস ক্যামেরন বলেন,
“ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ আমরা প্যান্ডোরার এমন কিছু দিক দেখাতে যাচ্ছি, যা আগে কখনো দেখা যায়নি। একদিকে থাকবে চোখজুড়ানো অ্যাডভেঞ্চার, আরেকদিকে থাকবে আবেগে ভরপুর মানবিক মুহূর্ত। পরিচিত চরিত্রদের এবার দেখা যাবে এক নতুন বাস্তবতায়, যেখানে তাদের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন।”
তিনি আরও জানান, দ্বিতীয় পর্ব ‘দ্য ওয়ে অব ওয়াটার’ এবং তৃতীয় পর্ব ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ মূলত একটি গল্প হিসেবেই লেখা হয়েছিল। কিন্তু কাহিনির ব্যাপ্তি এত বড় হয়ে যায় যে, সেটিকে দুটি আলাদা সিনেমা হিসেবে ভাগ করতে হয়।
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর। এরপর আরও দুটি কিস্তি আসবে—একটি ২০২৯ সালে এবং আরেকটি ২০৩১ সালে।
২০০৯ সালে প্রথম ‘অ্যাভাটার’ বিশ্বকে তাক লাগিয়েছিল। ২০২২ সালে আসে দ্বিতীয় পর্ব। দুই পর্ব মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত আয় করেছে ৫.২ বিলিয়ন ডলার, এবং রয়েছে সর্বকালের ব্যবসাসফল সিনেমার তালিকায় প্রথম ও তৃতীয় অবস্থানে।
