বলিউডে অভিনয়ে নাম পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে কিয়ারা আদভানির ক্ষেত্রে এর পেছনে রয়েছে এক ভিন্নতর বাস্তবতা, যা তাকে শুধুই নাম নয়, পরিচয়ের দিক থেকেও নতুন করে প্রতিষ্ঠা দিয়েছে।
মূল নাম আলিয়া আদভানি হলেও বলিউডে পা রাখার আগে থেকেই একই নামে পরিচিত ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তাই একই ইন্ডাস্ট্রিতে ‘দুই আলিয়া’ রাখাটা ব্যতিক্রম মনে হয় অনেকের কাছেই। এক বনে যেমন দুই রাজা টেকে না, তেমনি বলিউডেও সেই দ্বৈততা মানায় না বলেই কিয়ারা নিজের নাম বদলে নেন।
এক রেডিও শোতে এই বিষয়ে কিয়ারা বলেন, সালমান খানের পরামর্শেই মূলত তিনি নিজের নাম বদলের সাহস পান। সেই সময় বলিউডে তার অভিষেকের প্রস্তুতি চলছিল। সালমান খান তাকে বলেন, “তোমার নাম তো আলিয়া। কিন্তু ইতোমধ্যে আলিয়া ভাট আছে। নতুন একটা নাম ভাবো।” তখনই কিয়ারা একটি নতুন পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেন।
অভিনেত্রী জানান, তিনি প্রিয়াংকা চোপড়ার ‘অঞ্জানা অঞ্জানি’ ছবির একটি চরিত্র ‘কিয়ারা’র নাম শুনে মুগ্ধ হন এবং সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে নিজ নাম ‘আলিয়া’ থেকে বদলে রাখেন ‘কিয়ারা’।
মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল ও পরে জয় হিন্দ কলেজ থেকে পড়াশোনা শেষ করেন কিয়ারা। ২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। প্রথম দিকে তেমন আলোচনায় না এলেও ২০১৬ সালে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় ধোনির স্ত্রীর চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন। এরপর করণ জোহরের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘লাস্ট স্টোরিজ’-এ অভিনয় করে সমালোচকদেরও মন জয় করেন।

এরপর একে একে ‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘সত্যপ্রেম কি কথা’, ‘কবির সিং’ প্রভৃতি বক্স অফিস সফল ছবি তাকে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত করে। তবে কিয়ারার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ২০২১ সালের ছবি ‘শেরশাহ’, যেখানে তিনি ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রেমিকা ‘ডিমপল চেমা’-র চরিত্রে অভিনয় করেন। এই ছবির সহঅভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার, যা পরে বিয়েতে পরিণতি পায় ২০২৩ সালে।
চলতি বছর ১৬ জুলাই কিয়ারা ও সিদ্ধার্থ তাদের কন্যাসন্তানের আগমনের খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। মা হওয়ার পর কিয়ারা এখন রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। তাই আপাতত সিনেমার প্রচার-প্রচারণা থেকেও দূরে রয়েছেন এই অভিনেত্রী।
তবে বিরতির মধ্যেও কিয়ারা দর্শকদের মন থেকে হারিয়ে যাচ্ছেন না। চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’-তে হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে তাকে। অয়ন মুখার্জির পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।
একদিকে জনপ্রিয়তা, অন্যদিকে ব্যক্তিজীবনের নতুনত্ব—এই দুই মেরুতে কিয়ারা আদভানির পথচলা এখন বলিউডের অন্যতম আলোচিত গল্প। ক্যারিয়ার ও পরিবার দুটোই কীভাবে সামাল দেন তিনি, সেটাই এখন দেখার বিষয়।

