প্রিয় বাবাকে হারিয়ে চরম মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত। গত ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা মো. মকবুল হুসাইন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
বাবা হারানোর কয়েকদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যথা আর শূন্যতার অনুভূতি শেয়ার করেন মিষ্টি জান্নাত। তার পোস্টগুলো যেন এক একটি নিঃশব্দ কান্না—বাবাহীন জীবনের গভীর যন্ত্রণার প্রতিচ্ছবি।
একটি পোস্টে তিনি বাবার হাত ধরে বসে থাকার একটি ছবি দিয়ে লেখেন,
“শেষ বিদায়ের বেলায়, শেষ বারের মতো হাতটা ধরেছিলাম। আর কখনো তোমাকে ছুঁতে পারবো না। এত বড় পৃথিবীতে, চারিদিকে এত শত্রুর ভিড়ে একা রেখে চলে গেলে সোনা বাবা…”
আরেকটি পোস্টে তার হতাশা ছিল আরও গভীর। তিনি লিখেন,
“আরো কিছুদিন থাকতে পারতে না? তারপর একসাথে চলে যেতাম আমরা। আমি এতিম হয়ে গেলাম। বাবা, কেউ নেই তোমার বাবুর খোঁজ নেওয়ার। এত বড় বাড়িতে কোনো আয়োজন নেই, শুন্যসব। আমি এখন কী করে বাঁচবো?”
পরদিন সকালে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে আরেকটি পোস্টে লেখেন,
“আমি খুবই অসুস্থ। ট্রমা কাটাতে পারছি না। সবাই খোঁজ নিচ্ছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু এখন কথা বলার মতো অবস্থায় নেই। ক্ষমাসুন্দর চোখে দেখবেন। সুস্থ হলে সবার সঙ্গে যোগাযোগ করবো।”
তার এসব আবেগময় পোস্টে সাড়া দিয়েছেন অসংখ্য ভক্ত-অনুরাগী। সবাই তার প্রতি ভালোবাসা জানিয়ে বাবার আত্মার শান্তি কামনা করেছেন।
উল্লেখ্য, মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হুসাইন ছিলেন একজন ব্যবসায়ী। বাবার খুব কাছের ছিলেন মিষ্টি। তার এই শোক সত্যিই বহন করার মতো নয়—এটা শুধু একজন সন্তানের কান্না নয়, এটি যেন একটি হৃদয়ের ভাঙনের গল্প।

