বন্ধু দিবসেই (৩ আগস্ট) যেন একঝটকায় সব আলো নিজের দিকে টেনে নিলেন শবনম বুবলী। সামাজিক মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি হঠাৎ করেই তাকে এগিয়ে দিল সেই চিরচেনা প্রতিযোগিতায়, যেখানে প্রতিপক্ষ ছিলেন আরেকজন – অপু বিশ্বাস।
দুপুরের দিকে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে এক ফ্রেমে শাকিব খান, বুবলী ও তাদের ছেলে বীর। নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে গাড়ি থেকে নামার সময় ধরা পড়ে এ দৃশ্য। তবে সন্ধ্যা নামতেই শুরু হয় আসল চমক। বুবলী নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একে একে প্রকাশ করেন ১১টি ছবি—যেখানে শুধু পুত্র নয়, দৃশ্যপটের কেন্দ্রজুড়ে শাকিব আর বুবলীর ঘনিষ্ঠতা।
কখনও দেখা যাচ্ছে, শাকিব খান বুবলীকে আলতো করে জড়িয়ে ধরে দূর আকাশের দিকে ইশারা করছেন। কখনও বা তাদের হাস্যোজ্জ্বল মুখাবয়বের ছায়া পড়েছে ক্যামেরার ফ্রেমে। যে আন্তরিকতা ছবিগুলোতে ফুটে উঠেছে, তা সাম্প্রতিক বছরগুলোতে কোনো তারকা দম্পতির মধ্যেই দেখা যায়নি—বিশেষ করে তাদের মতো একজন ‘বিচ্ছিন্ন’ দম্পতির মধ্যে।
ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। মন্তব্যের ঘরে মুগ্ধতা প্রকাশ করেছেন বহু ভক্ত, কেউ কেউ লিখেছেন, “মাশাআল্লাহ”, আবার কেউবা প্রশ্ন তুলেছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে—বিচ্ছেদের পর প্রাক্তনদের এমন সম্পর্ক কতটা গ্রহণযোগ্য?
তবে এসব বিতর্কের মাঝেও যা স্পষ্ট, তা হলো—বুবলী এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দুই বছর আগে শাকিব খান যখন তার বড় ছেলে জয়কে নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে বের হয়েছিলেন, তখনও ভক্তরা এমন করেই উত্তেজিত হয়েছিল। এবার সেই পুরনো ঘটনার যেন নতুন করে পুনরাবৃত্তি, তবে আরও বেশি ঘনিষ্ঠতা আর স্পষ্ট ইঙ্গিতসহ।
বলা হচ্ছে, চলতি আগস্টের মধ্যেই দেশে ফিরবেন শাকিব খান। কিন্তু তার আগেই বুবলীর সাথে এই ছবিগুলো প্রকাশ করে যেন ফের জমিয়ে দিলেন সেই পুরনো নাটক—যার মঞ্চে একদিকে অপু, অন্যদিকে বুবলী, আর মাঝখানে রয়েছেন ঢাকাই ছবির রাজপুত্র শাকিব খান।

