ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সারা খান দিল্লির একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আয়োজকদের বিরুদ্ধে মানসিক হেনস্তা ও নিরাপত্তার অভাবের অভিযোগ তুলেছেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এ অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে খারাপ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
সারা খান জানান, ১৮ বছরের অভিনয়জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। ২ আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত একটি ইভেন্টে আমন্ত্রিত হয়ে গেলেও আয়োজকরা তাঁর জন্য ন্যূনতম সুবিধা কিংবা নিরাপত্তা নিশ্চিত করেননি। এমনকি তাঁকে না জানিয়ে হোটেল পরিবর্তন করে একটি অপরিচিত স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে কোনো ধরনের সহায়তা পাননি তিনি।
অভিনেত্রী অভিযোগ করেন, অনুষ্ঠানটি করতে অস্বীকৃতি জানালে তাঁর টিমকে হুমকি দেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তার স্বার্থে তিনি দ্রুত ফ্লাইট বুক করে দিল্লি ছেড়ে যান। এতে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় অপেক্ষমাণ ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন সারা।

ভিডিও বার্তায় সারা বলেন, “আমি সত্যিই দুঃখিত, যারা আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি শহরটিকে ভালোবাসি, কিন্তু এবারের অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন।”
উল্লেখ্য, ‘স্বপ্না বাবুল কা বিদাই’ সিরিয়ালে সাধনার চরিত্রে অভিনয় করে সারা খান ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর তিনি একাধিক টেলিভিশন সিরিয়াল ও রিয়েলিটি শোতে অভিনয় করেছেন।

