বলিউড অভিনেতা সালমান খানকে লক্ষ্য করে প্রকাশিত একটি হুমকিপূর্ণ অডিও ক্লিপের পর তাঁর পরবর্তী সিনেমা ‘ব্যাটল অফ গলওয়ান’-এর শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। অডিওতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা জানান, সালমানের সঙ্গে কাজ করলে পরিণতি নিজেকেই ভোগ করতে হবে এবং অমান্য করলে গুলি চালানো হবে বলে হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় প্রথমে জল্পনা ওঠে, সালমান ও সংশ্লিষ্ট কলাকুশলীদের নিরাপত্তার কারণে মুম্বাইয়ের শুটিং সেট ভাঙা হয়েছে। তবে পরে জানা গেছে, নিরাপত্তার কারণে নয় বরং শুটিং কন্টিনিউটির ত্রুটির আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিচালক অপূর্ব লাখিয়া জানিয়েছেন, লাদাখের গলওয়ান উপত্যকায় আগস্ট ২২ থেকে সেপ্টেম্বর ৩ তারিখের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। তাই এখনই শুটিং শুরু করলে লুকের পরিবর্তনের কারণে ‘কন্টিনিউটি মিসটেক’ হতে পারে, যা তারা এড়াতে চান।
‘ব্যাটল অফ গলওয়ান’ ছবিটি ২০২০ সালের লাদাখের ভারত-চীন সংঘাতের ঘটনা তুলে ধরবে, যেখানে ভারতীয় সেনারা চীনা সেনাদের মোকাবিলা করে। সংঘর্ষে ভারতীয় সেনাদের মৃত্যুর পাশাপাশি কিছু চীনা সেনাও নিহত হয়েছিল। এই ছবিতে সালমান খান কর্নেল বি সন্তোষ বাবু চরিত্রে অভিনয় করবেন।

