দুবাইয়ের রাজকুমারী শেখা মাহরা আনুষ্ঠানিকভাবে মরক্কো-আমেরিকান র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। ২৯ আগস্ট ইন্সটাগ্রামে এক যৌথ পোস্টে এ ঘোষণা দেওয়া হয়। বিশেষ নজর কাড়ছে মাহরার হাতে থাকা বিশাল আকারের হীরের আংটি।
আংটিটি ১১ দশমিক ৫৩ ক্যারেটের এমেরাল্ড কাট হীরার এবং চারপাশে ছোট ছোট হীরা জড়িয়ে তৈরি করেছেন সেলিব্রিটি জুয়েলার এরিক দ্য জুয়েলার। এই আংটির বাজারমূল্য আনুমানিক ১১ লাখ মার্কিন ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে তাদের বাগদান সম্পন্ন হয়, যেখানে মন্টানা র্যাম্পেও হাঁটেন। তবে দম্পতি এখনও বিয়ের চূড়ান্ত পরিকল্পনা করেননি।
শেখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। ২০২৪ সাল থেকে তাকে মন্টানার সঙ্গে একাধিকবার দেখা গেছে। মাহরা এর আগে শেখ মানা বিন মোহাম্মদ আল মাকতুমের স্ত্রী ছিলেন এবং তাদের দেড় বছর বয়সি এক মেয়েও রয়েছে।
ফ্রেঞ্চ মন্টানার আসল নাম করিম খারবুশ। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি উদ্যোক্তা নাদিন খারবুশের সঙ্গে বিবাহিত ছিলেন এবং তাদের ১৬ বছর বয়সি এক ছেলে রয়েছে।

