পাঞ্জাবে বন্যার তাণ্ডব ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এক হাজারেরও বেশি গ্রাম পানির নিচে ডুবে গেছে, এবং প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। রাজ্য সরকার, সেনা, বিএসএফ, বিমান বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। আটকে থাকা বাসিন্দাদের হেলিকপ্টারের মাধ্যমে সরানো হচ্ছে, পাশাপাশি ত্রাণ শিবিরে খাবার, পানি ও চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে কর্তৃপক্ষ।
বলিউড বাদশা শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘‘পাঞ্জাবের এই অবস্থায় আমি অন্তর থেকে আহত। প্রার্থনা করছি, পাঞ্জাব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। তবে পাঞ্জাবের প্রাণশক্তি ভাঙতে দেওয়া যাবে না।’’ শাহরুখের পাঞ্জাবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে—‘বীর-জারা’সহ একাধিক ছবির শুটিং করেছেন তিনি, এবং বিভিন্ন সিনেমায় পাঞ্জাবি চরিত্রে অভিনয় করেছেন।
গায়ক দিলজিৎ দোসাঞ্জ গুরদাসপুর ও অমৃতসরের প্রায় ১০টি গ্রামের পাশে দাঁড়িয়েছেন। তিনি স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে খাদ্য, পানি ও চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন। এছাড়া অভিনেতা-গায়ক এমি ভির্কও ঘোষণা দিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত ২০০টি পরিবারের পাশে থাকবেন।
পাঞ্জাবে বন্যার তাণ্ডবের মধ্যে এই তারকাদের মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের জন্যে আশার আলো হয়ে উঠেছে।

