আজ (৬ সেপ্টেম্বর) কিংবদন্তি অভিনেতার ২৯তম মৃত্যুবার্ষিকী—
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম সালমান শাহ। নব্বই দশকে তার আবির্ভাবে বদলে গিয়েছিল ঢালিউডের নায়ক চরিত্রের সংজ্ঞা। স্টাইল, অভিনয় ও ব্যক্তিত্বে তিনি হয়ে উঠেছিলেন সময়ের সেরা তারকা, যাকে এখনো কোটি দর্শক মনে রেখেছেন অমলিন ভালোবাসায়।
সালমান শাহকে শুধু একজন অভিনেতা বলা কঠিন। তার অভিনয়ের দক্ষতা যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি তার ফ্যাশন ও সজ্জার আধুনিকতা তখনকার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। তার লুকে মাথায় ব্যান্ডানা, চোখে সানগ্লাস আর হাতে মোটরবাইক হয়ে উঠেছিল স্টাইলের প্রতীক। সমসাময়িক দর্শকদের কাছে তিনি শুধু নায়ক নন, ছিলেন সময়ের ট্রেন্ডসেটার। অনেকে মনে করেন, তার উপস্থিতি বিনোদন জগতে যেন এক ‘টাইম ট্রাভেল’-এর ছোঁয়া এনেছিল।

কিন্তু সাফল্যের এই পথচলা শুরু হয়েছিল আকস্মিকভাবে। এক পুরনো সাক্ষাৎকারে সালমান শাহ নিজেই জানিয়েছিলেন, সিনেমায় আসার ইচ্ছে তার কখনোই ছিল না। শখের বসে মডেলিং, গান ও নাটকে অংশ নিলেও চলচ্চিত্রে অভিনয় তার কল্পনার বাইরে ছিল। পরিবারেরও শুরুতে এতে আপত্তি ছিল। পরে পরিবারের অনুমতি নিয়েই তিনি পা রাখেন বড় পর্দায়।

খুব অল্প সময়ের মধ্যেই সালমান শাহ ঢালিউডে এক অনন্য নক্ষত্র হয়ে ওঠেন। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে তার জীবনের ইতি ঘটে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) তার ২৯তম মৃত্যুবার্ষিকী। প্রায় তিন দশক পার হলেও তার জনপ্রিয়তা অমলিন থেকে গেছে।
তবে তার মৃত্যু ঘিরে রহস্য আজও কাটেনি। কেউ বলেন এটি আত্মহত্যা, আবার কারও দাবি এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। সালমান শাহকে হারিয়ে বাংলা চলচ্চিত্র এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়।

