প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এক অনুষ্ঠানে রবিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাবিনা ইয়াসমিনকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট তুলে দেন। তিনি বলেন, “আজ যাকে সম্মাননা দিচ্ছি, তিনি আমাদের কিংবদন্তি, সত্যিকারের গৌরব।” অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও বক্তব্য রাখেন।
প্রায় ছয় দশক ধরে সংগীতজীবনকে সমৃদ্ধ করেছেন সাবিনা ইয়াসমিন। অসুস্থতার কারণে তিনি সাম্প্রতিক সময়ে সংগীত থেকে দূরে থাকলেও রবিবারের এই আয়োজনে তিনি ফিরে আসেন চিরচেনা রূপে। অনুষ্ঠানে তার একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং তার গানের স্মৃতিচারণায় সন্ধ্যা ভরে ওঠে আবেগে।
এ সময় সাবিনা ইয়াসমিনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘শুধু গান গেয়ে পরিচয়’ প্রদর্শিত হয়।

