যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে রোববার (৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস) বসেছিল টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। আর এই আসরেই ইতিহাস গড়লেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। মাত্র ১৫ বছর বয়সে এমি জয় করে তিনি হয়ে গেলেন এই পুরস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী।
নেটফ্লিক্সের আলোচিত মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেলেন ওয়েন। সিরিজটির চার পর্বের শুটিং শুরু হয়েছিল যখন তার বয়স মাত্র ১৪। ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেওয়া এই কিশোর সেই বয়সেই বিশ্বজুড়ে আলোচনায় আসেন অভিনয় প্রতিভা দিয়ে।
পুরস্কার হাতে পেয়ে আবেগাপ্লুত ওয়েন কুপার বলেন,
“এটা শুধু আমার জন্য নয়, আমার পরিবার আর কাছের মানুষের জন্যও বিশাল ব্যাপার। আমি কখনও ভাবিনি আমেরিকায় এসে অভিনয় করব। তিন বছর আগেও আমি ছিলাম সম্পূর্ণ অচেনা এক কিশোর, আর আজ এই মঞ্চে দাঁড়িয়ে আছি—এটা যেন স্বপ্নের মতো।”
সিরিজটির গল্প গড়ে উঠেছে এক কিশোরীর ছুরিকাঘাতের ঘটনা ও ১৩ বছর বয়সী এক সন্দেহভাজনের গ্রেপ্তারকে কেন্দ্র করে। নির্মাতারা দেখিয়েছেন, কীভাবে সামাজিক মাধ্যমে কিশোরদের মধ্যে নারী বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। সমালোচকদের মতে, এর কাহিনি যেমন সময়োপযোগী, নির্মাণশৈলীও তেমনি সাহসী ও শক্তিশালী।
ওয়েন কুপারের পাশাপাশি সিরিজটি আরও সম্মান কুড়িয়েছে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্টিফেন গ্রাহাম। অন্যদিকে, সেভরেন্স সিরিজের ট্রামেল টিলম্যান ও ব্রিট লোয়ারও এ আসরে বড় দুটি সম্মাননা পান। এর আগে বছরের শুরুতেই পুরস্কার তালিকায় যুক্ত হয়েছিল দ্য পিট ও দ্য স্টুডিও।

