হলিউডে এখন আলোচনার কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে পেশাদার কলাকুশলীরা কাজ হারানোর ভয়ে আতঙ্কিত, ঠিক সেই সময়ে এআই নির্মিত এক নতুন অভিনেত্রীর আগমন ঘটেছে, যা ইন্ডাস্ট্রিজুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।
এই এআই নায়িকার নাম টিলি নরউড। বিষয়টি নিয়ে আলোচনার কারণ হলো, ‘পার্টিকেল সিক্স’ নামের একটি এআই প্রোডাকশন স্টুডিও তার উদ্ভাবন করেছে। স্টুডিওর স্রষ্টা অভিনেতা ও কমেডিয়ান ইলাইন ভ্যান ডার ভেল্ডেন।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ইলাইন জানান, টিলি নরউড কোনো বাস্তব অভিনেতার চাকরি কেড়ে নেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়নি। তিনি বলেন, ‘‘এআই শিল্পীরা বরং ভবিষ্যতে আরও বেশি সংখ্যক অভিনেতাকে কাজ পেতে সাহায্য করবে।’’
নির্মাতা আরো জানান, আগামী বিনোদন জগতে এআই ছাড়া আর কোনো গতি থাকবে না। এআই বিনোদন এখন এক ভিন্ন ধারা বা জনরা হিসেবে বিকশিত হচ্ছে। টিলি নরউডকে এই নতুন ধারা অনুসারে তৈরি করা হয়েছে এবং সে এই ক্ষেত্রে তারকা হিসেবে পরিচিত হবে।
ইলাইন আরো বলেন, ‘‘আমি চাই না টিলি সত্যিকারের অভিনেতাদের কাজ কেড়ে নিক। আমি চাই তার নিজস্ব সৃজনশীল পথ তৈরি হোক।’’
উল্লেখ্য, এআই নিয়ে দীর্ঘদিন ধরে হলিউড শিল্পে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্ক্রিপ্ট রিডারদের মতো যারা চিত্রনাট্য পড়েন, তারা এ বিষয়ে কাজ হারানোর শঙ্কায় রয়েছেন।
এমন সময় টিলি নরউড-এর আবির্ভাব চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আশঙ্কা বাড়াচ্ছে, যে এআই শিল্পীর উত্থান ভবিষ্যতে মানুষের কাজের সুযোগ আরও সীমিত করতে পারে।

