নূর সিনেমার নায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর চুমুর একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার অংশ হিসেবে এ দৃশ্যটি থাকলেও ভিডিওটি ভাইরাল হওয়ার পর গুঞ্জন রটেছে যে শুভ ও ঐশী প্রেম করছেন। এই গুঞ্জন ও চুমুর দৃশ্য নিয়ে প্রথমে চুপ ছিলেন ঐশী।
তবে সংবাদমাধ্যম ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। ঐশী বলেন, “‘নূর’ সিনেমায় আমি অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য রয়েছে। আমি এটাকে শুধুই অভিনয় হিসেবেই দেখছি। বাস্তবে আরিফিন শুভর সঙ্গে আমার কোনো ধরনের প্রেমের সম্পর্ক নেই।”
দৃশ্যটি নিয়ে তিনি আরো বলেন, “চুমুর দৃশ্যের বদলে অন্য কিছুও থাকতে পারত—যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। সেটিও অভিনয়ের অংশ হিসেবে করতে হতো।”

শুভ ও ঐশীকে নিয়ে প্রেমের গুঞ্জন ‘নূর’ সিনেমার মুক্তির সময় আবারও সামনে এসেছে। ঐশী বলেছেন, “গুঞ্জন তো গুঞ্জনই। এর কোনো সত্যতা নেই। আমাদের সম্পর্ক পেশাদার ও সম্মানজনক। শুটিং বা সিনেমাবিষয়ক অনুষ্ঠান ছাড়া কখনো আমাদের একসঙ্গে দেখা হয় না।”
ঐশী আরো জানিয়েছেন, শুভর সঙ্গে তাদের বন্ধুত্ব নেই। তিনি বলেন, “বন্ধু হলে রাত তিনটায় ফোন করা যায়, জীবনের অনেক কিছু শেয়ার করা সম্ভব। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু নেই। আমরা শিল্পী হিসেবে পরস্পরের সঙ্গে ভালো ও সম্মানজনক সম্পর্ক রাখি।”
রায়হান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমা ১১ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে মুক্তি পাবে।

