বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী আমেরিকান কমিক স্ট্রিপ পিনাটস এবং এর আইকনিক চরিত্র স্নুপি ও চার্লি ব্রাউনের মালিকানা আরো বাড়াচ্ছে জাপানের প্রযুক্তি ও বিনোদন জায়ান্ট সনি। কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ওয়াইল্ডব্রেইনের কাছ থেকে ৪৬ কোটি ডলারে পিনাটস ফ্র্যাঞ্চাইজির অতিরিক্ত ৪১ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০১৮ সালেই পিনাটসের ৩৯ শতাংশ শেয়ার কিনেছিল সনি। নতুন এই চুক্তি কার্যকর হলে ফ্র্যাঞ্চাইজিটিতে সনির মোট মালিকানা দাঁড়াবে ৮০ শতাংশে। তবে পিনাটসের অবশিষ্ট ২০ শতাংশ মালিকানা নির্মাতা চার্লস এম শুলজের পরিবারের কাছেই থাকবে।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি বর্তমানে সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন সম্পন্ন হলে পিনাটস আনুষ্ঠানিকভাবে সনির একটি সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হবে।
চার্লস এম শুলজ ১৯৫০ সালে কমিক স্ট্রিপের মাধ্যমে পিনাটসের যাত্রা শুরু করেন। গত ৭৫ বছরে এই ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। পিনাটসের চরিত্রগুলোকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য অ্যানিমেটেড সিরিজ, কার্টুন মিউজিক্যাল ও চলচ্চিত্র, যা স্নুপিকে বৈশ্বিক সংস্কৃতির একটি স্থায়ী প্রতীকে পরিণত করেছে।
সনি জানিয়েছে, কয়েক বছর আগে পিনাটসের আংশিক মালিকানা অর্জনের পর থেকেই তারা এই ব্র্যান্ডের মেধাসত্ত্ব ও বৈশ্বিক বিস্তারে সক্রিয়ভাবে কাজ করছে।
সনি মিউজিক এন্টারটেইনমেন্ট জাপানের প্রধান নির্বাহী শুনসুকে মুরামাতসু বলেন, অতিরিক্ত এই মালিকানা অর্জনে তারা অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, সনি গ্রুপের বৈশ্বিক নেটওয়ার্ক ও সৃজনশীল সক্ষমতা কাজে লাগিয়ে পিনাটস ব্র্যান্ডের গুরুত্ব ও প্রভাব আরও বিস্তৃত করার বিষয়ে তারা রোমাঞ্চিত।

