মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই ২০২৫ সালের সবচেয়ে বেশি শোনা শিল্পীদের তালিকা প্রকাশ করেছে। এ বছরের তালিকায় বড় চমক হিসেবে শীর্ষে উঠে এসেছেন পুয়ের্তো রিকান তারকা ব্যাড বানি। স্পটিফাইয়ের তথ্যমতে, চলতি বছর বিশ্বজুড়ে তার গান ১৯.৮ বিলিয়নের বেশি বার স্ট্রিম হয়েছে, যা তাকে ২০২৫ সালের সর্বাধিক শোনা শিল্পীর স্বীকৃতি দিয়েছে।
স্পটিফাই জানায়, এ বছর ব্যাড বানি বিশেষভাবে আলোচনায় ছিলেন তাঁর নতুন অ্যালবাম ‘দেব তিরার মাস ফোতোস’-এর জন্য। অ্যালবামটিতে তিনি পুয়ের্তো রিকোর সংগীত ঐতিহ্য ও সংস্কৃতিকে আধুনিক ধারায় তুলে ধরেছেন। স্পটিফাইয়ের মূল্যায়নে এটি ২০২৫ সালের সবচেয়ে বড় অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী বছরের সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার সুযোগও পেয়েছেন ব্যাড বানি।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চলতি বছর মুক্তি পাওয়া নেটফ্লিক্সের আলোচিত মিউজিক্যাল অ্যানিমেশন সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর গানগুলো। সেরা পাঁচের বাকি তিন শিল্পী হলেন বিলি আইলিশ, সিজা এবং সাবরিনা কার্পেন্টার। স্পটিফাই জানিয়েছে, এই শিল্পীদের গানও ২০২৫ সালে বৈশ্বিক শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
ব্যাড বানির আসল নাম বেনিটো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও। তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৪ সালের ১০ মার্চ পুয়ের্তো রিকোর ভেগা বাজায়। তাঁর বাবা ছিলেন একজন ট্রাকচালক এবং মা ইংরেজি শিক্ষক। ২০১৬ সালে ‘ডিলেস’ গানটি প্রকাশের পর সংগীতাঙ্গনে পরিচিতি পান তিনি। এরপর ২০১৮ সালে কার্ডি বি ও জে বালভিনের সঙ্গে গাওয়া ‘আই লাইক ইট’ গানটি বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে উঠে আসে।
২০১৮ সালে প্রকাশিত তাঁর প্রথম অ্যালবাম লাতিন গ্র্যামি পুরস্কার অর্জন করে। ব্যাড বানির গানে সামাজিক বাস্তবতা, সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ এবং লিঙ্গবৈষম্যের মতো বিষয়গুলো বারবার উঠে এসেছে। সংগীতের পাশাপাশি তিনি দাতব্য কার্যক্রমেও যুক্ত রয়েছেন। এছাড়া ‘বুলেট ট্রেন’, ‘নার্কোস: মেক্সিকো’ এবং ‘হ্যাপি গিলমোর’সহ বিভিন্ন চলচ্চিত্র ও সিরিজে অভিনয় করেও দর্শকদের নজর কেড়েছেন।

