বিশ্বজুড়ে ‘টাইটানিক’ সিনেমার রোজ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট তার অভিনয়জীবনের শুরুর দিকের একটি অভিজ্ঞতা নিয়ে ৩০ বছর পর খোলামেলা কথা বলেছেন। পিটার জ্যাকসনের ১৯৯৪ সালের থ্রিলারধর্মী সিনেমা হেভেনলি ক্রিয়েচার্স-এ দুই কিশোরীর গভীর ও আসক্তিমূলক সম্পর্কের গল্পে অভিনয় করেছিলেন তিনি। সেখানে জুলিয়েট চরিত্রে তার অভিনয় আজও আলোচিত।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ওই চরিত্রে অভিনয়ের অনুভূতি সম্পর্কে কথা বলতে গিয়ে কেট উইন্সলেট জানান, নিজের কৈশোরের বাস্তব অভিজ্ঞতাই তাকে চরিত্রটির ভেতরে ঢুকতে সাহায্য করেছিল। তিনি বলেন, কৈশোরে প্রথম যে ধরনের আকর্ষণ বা কামনার অনুভূতি তার মধ্যে জেগেছিল, তা মেয়েদের প্রতিই ছিল। সে সময় তিনি কিছু মেয়েকে যেমন চুমু দিয়েছেন, তেমনি ছেলেদের সঙ্গেও এমন অভিজ্ঞতা হয়েছে। তবে কোনোটিই তাকে পূর্ণতা বা বিকাশের দিকে নিয়ে যায়নি বলে জানান তিনি।

অভিনেত্রী বলেন, জীবনের ওই পর্যায়ে তার ভেতরে প্রবল কৌতূহল কাজ করত। হেভেনলি ক্রিয়েচার্স সিনেমার দুই নারী চরিত্রের মধ্যে যে তীব্র মানসিক সংযোগ দেখানো হয়েছে, তা তিনি ভেতর থেকে উপলব্ধি করতে পেরেছিলেন। সেই সময়কার মানসিক টান ও মোহ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং শেষ পর্যন্ত সেটি ক্ষতিকর হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।
কেট উইন্সলেট আরো বলেন, কৈশোরের সেই অরক্ষিত ও সংবেদনশীল মানসিক অবস্থায় মানুষের সঙ্গে যে গভীর সম্পর্ক তৈরি হয়, তা তিনি নিজের জীবন থেকেই বুঝেছিলেন। সেই ব্যক্তিগত উপলব্ধিই পর্দায় জুলিয়েট চরিত্রকে বাস্তব ও জীবন্ত করে তুলতে তাকে সহায়তা করেছে বলে জানান এই অভিনেত্রী।

