তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা ৯০ বছর বয়সে প্রথমবারের মতো জিতলেন গ্র্যামি অ্যাওয়ার্ড। তাঁর স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’ এই সম্মান অর্জন করেছে।
আজ সকালে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় অনুষ্ঠিত হল গ্র্যামির ৬৮তম আসর। সেখানেই তিনি এই পুরস্কার হাতে নেন।
অ্যালবামটি সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে নির্বাচিত হয়েছে। এই বিভাগে দালাই লামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কেথি গারভার, ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন ও ফ্যাব মরভান।
দালাই লামার অ্যালবামে সংগীত ও সঙ্গীতজ্ঞদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এতে সহযোগিতা করেছেন সারোদ বাদক আমজাদ আলী খান এবং তাঁর ছেলে আমান আলী ব্যাঙ্গাশ ও আয়ান আলী ব্যাঙ্গাশ। ভারতীয় ধ্রুপদি সংগীতের ছোঁয়া দিয়ে এই অ্যালবামে ফুটে উঠেছে শান্তি, সহমর্মিতা, দয়া, আশা ও পরিবেশ সচেতনতার বার্তা।
গ্র্যামি জয়ের পর দালাই লামা বলেন, “আমি এই সম্মান কৃতজ্ঞতা ও বিনয়সহ গ্রহণ করছি। এটি ব্যক্তিগত অর্জন নয়। এটি বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা, মানব ঐক্য ও পরিবেশের দায়িত্বের স্বীকৃতি।”
দালাই লামার অফিস জানিয়েছে, অ্যালবামটি তাঁর বিভিন্ন বক্তৃতা থেকে নেওয়া শিক্ষা নিয়ে তৈরি। এতে মানুষের কল্যাণ ও পৃথিবীর সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। গ্লাসনোট রেকর্ডসের সহযোগিতায় এটি বিশ্বব্যাপী বিভিন্ন শিল্পীর সঙ্গে তৈরি করা হয়েছে।
প্রকল্পে কাজ করা আমজাদ আলী খান বলেন, “এটি দালাই লামার শিক্ষার প্রেরণায় তৈরি একটি গভীর ব্যক্তিগত প্রকল্প। শান্তি ও আশা মিশিয়ে নতুন ধরনের চিন্তাশীল সংগীতের অভিজ্ঞতা তৈরি হয়েছে, যা আমার কাছে এক বিরাট সম্মান।”

