চট্টগ্রামে এবারের বিপিএলের খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত সেখানে কোনো ম্যাচই হচ্ছে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্ব বাতিল করে সব ম্যাচ সিলেটে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফলে সিলেট পর্বের সময়সীমাও বাড়ানো হয়েছে।
আগে যেখানে সিলেট পর্ব ২ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল, এখন তা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএল ঢাকা পর্বে প্রবেশ করবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানিয়েছেন, সম্প্রচার সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির কথা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ৩০ ডিসেম্বর রাজনৈতিক অঙ্গনে শোকাবহ ঘটনার কারণে সেদিনের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করা হয়। ওই ম্যাচগুলো আগামী ৪ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সিলেট পর্বের সূচি
১ জানুয়ারি দুপুর ১টায় সিলেট টাইটানস মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের, আর সন্ধ্যা ৬টায় রংপুর রাইডার্স খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে।
২ জানুয়ারি দুপুর ২টায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৭টায় সিলেট টাইটানস খেলবে রংপুর রাইডার্সের সঙ্গে।
৪ জানুয়ারি দুপুর ১টায় সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
৫ জানুয়ারি দুপুর ১টায় নোয়াখালী এক্সপ্রেস খেলবে সিলেট টাইটানসের সঙ্গে, সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।
৭ জানুয়ারি দুপুর ১টায় ঢাকা ক্যাপিটালস খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে, আর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস মাঠে নামবে।
৮ জানুয়ারি দুপুর ১টায় নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স, সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস খেলবে সিলেট টাইটানসের সঙ্গে।
৯ জানুয়ারি দুপুর ২টায় রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে, সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
১১ জানুয়ারি দুপুর ১টায় রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের ম্যাচ, সন্ধ্যা ৬টায় নোয়াখালী এক্সপ্রেস খেলবে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে।
১২ জানুয়ারি দুপুর ১টায় সিলেট টাইটানস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে, আর সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।
ঢাকা পর্ব ও প্লে-অফ সূচি
১৫ জানুয়ারি দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালস খেলবে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে সিলেট টাইটানসের।
১৬ জানুয়ারি দুপুর ২টায় রংপুর রাইডার্স খেলবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামবে।
১৭ জানুয়ারি দুপুর ১টায় রংপুর রাইডার্স খেলবে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে, সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।
১৯ জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত হবে প্রথম এলিমিনেটর এবং সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ার।
২১ জানুয়ারি মাঠে গড়াবে কোয়ালিফায়ার ম্যাচ, আর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএল ফাইনাল।
চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ায় সূচিতে বড় পরিবর্তন এলেও আয়োজকরা আশা করছেন, সিলেট ও ঢাকায় নির্বিঘ্নেই সম্পন্ন হবে এবারের বিপিএল। সম্প্রচার, দলীয় প্রস্তুতি এবং আন্তর্জাতিক সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত টুর্নামেন্টের মান বজায় রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

