ইংল্যান্ডের ম্যানচেস্টারের দুই বছর বয়সী শিশু জুড ওউনস সাধারণ ছেলেদের মতো খেলনা গাড়ি বা কার্টুনের বদলে হাতে নিয়েছেন স্নুকারের কিউ। মাত্র দুই বছর বয়সেই এই খুদে স্নুকার তারকা দুইটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে সারা বিশ্বের মন জয় করেছেন। সূত্র: এনডিটিভি
গত ২৮ জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, স্নুকারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে দুটি ‘ট্রিক শট’ দেওয়ার রেকর্ড এখন জুডের দখলে। পিপল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, জুড স্নুকার ও পুল খেলার জটিল কৌশলগুলো খুব সহজে রপ্ত করে ফেলেছে।
জুডের বাবা লুক ওউনস তার জন্য একটি ছোট পুল টেবিল কিনেছিলেন। লক্ষ্য করেছেন, কিউ হাতে নেওয়ার পর থেকেই জুড নিখুঁতভাবে শট খেলছে। প্রথমে উচ্চতার কারণে বার স্টুল ব্যবহার করত জুড। পরে রান্নাঘরের একটি বিশেষ টুলে দাঁড়িয়ে সে এখন ধারাবাহিক নিখুঁত শট খেলতে সক্ষম হয়েছে।
জুডের প্রথম রেকর্ড গড়েছিল ২০২৫ সালের ৩১ আগস্ট। সে তখন সবচেয়ে কম বয়সে ‘ডাবল পট’ শটের কৃতিত্ব দেখায়। ঠিক ৪১ দিন পর, ১২ অক্টোবর, পুল টেবিলে ‘ব্যাংক শট’ সম্পন্ন করে দ্বিতীয় বিশ্ব রেকর্ডও নিজের নামে রেকর্ড করে।
জুডের বাবা লুক নিজেও ১০ বছর বয়স থেকে স্নুকার খেলছেন। তবে তিনি স্বীকার করেছেন, জুডের সহজাত প্রতিভা তাঁর চেয়েও অনেক বেশি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডে বলেন, ‘এত কম বয়সে জুডের প্রতিভা সত্যিই অসাধারণ। তাকে আমাদের গিনেস পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

