সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০ মার্চ দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। স্থানীয় সময় আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা সংক্রান্ত কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়ালের চাঁদ দেখার জন্য নির্ধারিত সময় পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট কমিটি বিষয়টি যাচাই করে জানায়, রমজান মাস পূর্ণ ৩০ দিন হবে। ফলে বৃহস্পতিবার রমজানের শেষ দিন এবং শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।
ইসলামি বিধান অনুযায়ী নতুন চাঁদ দেখার মাধ্যমেই হিজরি মাসের শুরু নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় চাঁদ দেখা না গেলে আগের মাসকে ৩০ দিনে পূর্ণ করা হয়।
এর আগে চলতি মাসের শুরুতেই সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছিল, বেসরকারি ও অলাভজনক খাতে কর্মরতদের জন্য ঈদের ছুটি ১৮ মার্চ রাত থেকে শুরু হয়ে চার দিন পর্যন্ত চলবে। সৌদি শ্রম আইনের আওতায় এই ছুটি কার্যকর হবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-রুজাইকি জানান, আগেভাগে ছুটির সময়সূচি ঘোষণার উদ্দেশ্য হলো কর্মী ও প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনা সহজ করা। এতে প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় কাজের ব্যবস্থা করতে পারবে এবং কর্মীরাও পরিবার নিয়ে ঈদের সময় উপভোগ করার সুযোগ পাবে।

