মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুনরায় চালু করার উপায় নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করছে ন্যাটো। জোটটির মহাসচিব মার্ক রুটে বলেছেন, বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী আবার চালু করা জরুরি।
স্থানীয় সময় আজ বুধবার (১৮ মার্চ) নরওয়েতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ন্যাটো মহাসচিব মার্ক রুট জানান, বর্তমানে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। লক্ষ্য হলো কীভাবে নিরাপদ উপায়ে হরমুজ প্রণালী পুনরায় চালু করা যায়।
তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ছে। তাই বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর সমাধান বের করার চেষ্টা চলছে। রুটে আরও জানান, ন্যাটো সদস্য দেশগুলো যৌথভাবে পরিস্থিতি মোকাবিলার পথ খুঁজছে। কীভাবে নিরাপত্তা নিশ্চিত করে জাহাজ চলাচল স্বাভাবিক করা যায়—সে বিষয়েই মূলত আলোচনা হচ্ছে।
এদিকে চলমান সংঘাতের কারণে ইরানের আশপাশের এলাকায় উত্তেজনা বেড়েছে। এর প্রভাব পড়েছে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলেও। ফলে এই জলপথ প্রায় বন্ধ হয়ে পড়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর কয়েকটি সদস্য দেশের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, তেলের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান তারা প্রত্যাখ্যান করেছে।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। তাই এটি দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

