কাতারের রাস লাফান শিল্পনগরীতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড ও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে কাতার কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিল্পনগরীটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার জন্য ইরানকে দায়ী করা হয়েছে।
রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানির সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে পরিচিত। হামলার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি স্থাপনায় গুরুতর ক্ষতি হয়।
রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত উদ্ধারকারী ও ফায়ার সার্ভিস দল মোতায়েন করা হয়। তাদের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
কোম্পানিটি আরও জানায়, তাদের ‘পার্ল জিটিএল’ (গ্যাস থেকে তরল জ্বালানি উৎপাদন) প্রকল্পে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে, ঘটনাস্থলের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই হামলার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

