ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েল আর এ ধরনের কোনো হামলা করবে না। তবে ইরান যদি কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় আবারো হামলা করে তাহলে পুরো সাউথ পার্স গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া ঘটনার জেরে “ক্ষোভ থেকে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র নামে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে।” তবে পুরো গ্যাসক্ষেত্র নয় এর “অল্প একটি অংশ” ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প আরো দাবি করেন, “এই নির্দিষ্ট হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র কিছুই জানত না। কাতারও কোনোভাবেই এতে জড়িত ছিল না, এমনকি হামলার বিষয়টি আগে থেকে জানতও না।” তিনি বলেন, “দুঃখজনকভাবে ইরান এসব তথ্য জানত না এবং অন্যায়ভাবে কাতারের এলএনজি গ্যাস স্থাপনার একটি অংশে হামলা চালিয়েছে।”
বিবৃতির শেষাংশে ট্রাম্প জোর দিয়ে বলেন, “এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান সাউথ পার্স গ্যাসক্ষেত্রকে ঘিরে ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা হবে না।”
তবে ইরান যদি কাতারের আর কোন জ্বালানি স্থাপনায় হামলা করে তাহলে দেশটিকে চরম পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

