ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির বিচার বিভাগ বুধবার এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর এ ধরনের এটিই প্রথম ঘোষিত মৃত্যুদণ্ড।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, ‘জায়নিস্ট শাসনের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে, যে দেশের সংবেদনশীল স্থানের ছবি ও তথ্য মোসাদ কর্মকর্তাদের কাছে সরবরাহ করছিল।
মিজান ওই ব্যক্তির নাম কৌরুশ কেয়ভানি বলে উল্লেখ করে জানায়, জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় অংশ নেয়।
প্রতিবেদনে তার মোসাদ এজেন্টদের সঙ্গে বৈঠকের বিস্তারিত উল্লেখ করা হয় এবং বলা হয়, তিনি ‘ছয়টি ইউরোপীয় দেশে ও তেল আবিবে’ প্রশিক্ষণ নিয়েছিলেন।
২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়, এতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে আরেকটি যুদ্ধ ছড়িয়ে পড়ে।

