বিশ্বজুড়ে জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’এর দীর্ঘদিনের পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও ‘এশিয়া দো’ ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন এই বরেণ্য নির্মাতা। তাঁর মৃত্যু সংবাদ প্রকাশের পর বিশ্বজুড়ে অ্যানিমেশনপ্রেমীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
সুতোমু শিবায়ামা জাপানের অ্যানিমেশন শিল্পে এক গুরুত্বপূর্ণ নাম। ১৯৮৪ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা দুই দশকের বেশি সময় তিনি ‘ডোরেমন’ টিভি সিরিজের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই সিরিজটি আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয়তা পায়। শুধু সিরিজই নয়, ‘ডোরেমন’-এর ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নোবিতা, শিজুকা ও ডোরেমন—এই পরিচিত চরিত্রগুলোকে বিশ্বজুড়ে শিশু-কিশোরদের কাছে প্রিয় করে তুলতে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
১৯৬৩ সালে অ্যানিমেশন জগতে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি নিজস্ব স্টুডিও প্রতিষ্ঠা করেন এবং একাধিক সফল প্রজেক্ট পরিচালনা করেন।
অ্যানিমেশন খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে আজীবন সম্মাননা প্রদান করে।
তাঁর মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও অ্যানিমেশন শিল্পের বিভিন্ন ব্যক্তিত্ব সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন। অনেকেই মনে করছেন, তার চলে যাওয়া অ্যানিমেশন জগতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।

