মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ (২০ মার্চ) শুক্রবার ইরানের পক্ষ থেকেই এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, আইআরজিসির এক আনুষ্ঠানিক বিবৃতিতে নায়িনির মৃত্যুর খবর প্রকাশ করা হয়। তবে ঠিক কোন সময়ে তিনি নিহত হন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে ইরান-এর বিভিন্ন অঞ্চলে যে ধারাবাহিক হামলার খবর এসেছে, তার সঙ্গেই এ ঘটনা যুক্ত কিনা তাও স্পষ্ট নয়।
প্রতিবেদন অনুযায়ী, হামলাগুলোর কিছু আঘাত হেনেছে রাজধানী তেহরান-এর পূর্বাংশে। এছাড়া কারাজ, কেরমান, বন্দর লেঙ্গে এবং কাশানসহ একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। নায়িনি কাশানের বাসিন্দা ছিলেন।
৬৮ বছর বয়সী এই সামরিক কর্মকর্তা ২০২৪ সালে আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব নেন। তিনি সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন। নিহত হওয়ার আগে দেওয়া এক বিবৃতিতে নায়িনি দাবি করেছিলেন, ইসরাইল- যুক্তরাষ্ট্র -এর ধারাবাহিক চাপ ও হামলার মধ্যেও ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে। একই সঙ্গে তিনি চলমান সংঘাত চালিয়ে যাওয়ার দৃঢ় অবস্থানও ব্যক্ত করেন। এই ঘটনার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল- জাজিরা-এর প্রতিবেদনে উঠে এসেছে।

