অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন জীবদ্দশায় মাঠে যেমন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তেমনি আর্থিক সিদ্ধান্তেও দেখিয়েছিলেন অসাধারণ দূরদর্শিতা। প্রায় দুই দশক আগে করা একটি চুক্তির ফল এখন বড় অঙ্কের অর্থ হিসেবে পাচ্ছে তাঁর পরিবার।
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর প্রথম মৌসুমে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় ওয়ার্ন একটি বিশেষ শর্ত যুক্ত করেছিলেন। সেই চুক্তি অনুযায়ী, দলের হয়ে প্রতিটি মৌসুম খেলার বিনিময়ে তিনি ফ্র্যাঞ্চাইজির ০.৭৫ শতাংশ করে মালিকানা অংশীদারিত্ব পেতেন।
রাজস্থানের হয়ে চার মৌসুম খেলেছিলেন ওয়ার্ন। ফলে তাঁর মোট অংশীদারিত্ব দাঁড়ায় প্রায় ৩ শতাংশ। প্রথম মৌসুমেই তাঁর নেতৃত্বে দলটি শিরোপা জেতে, যা তাঁর কৌশলী নেতৃত্বের বড় প্রমাণ। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কনসোর্টিয়ামের কাছে প্রায় ১৫ হাজার কোটি রুপিতে ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি হয়েছে। এর ফলে ওয়ার্নের ওই ৩ শতাংশ শেয়ারের বর্তমান মূল্য দাঁড়িয়েছে আনুমানিক ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপি।
এই অর্থ ওয়ার্নের পরিবার শেয়ার বিক্রির মাধ্যমে নগদে নিতে পারবে। তবে এ জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে বলে জানা গেছে। উল্লেখ্য, ১৪৫টি টেস্ট ম্যাচে ৭০৮ উইকেট নেওয়া এই স্পিন কিংবদন্তি ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর কয়েক বছর পরও তাঁর নেওয়া একটি স্মার্ট সিদ্ধান্ত পরিবারকে বড় আর্থিক সুবিধা এনে দিচ্ছে।

