হরমুজ প্রণালী পুনরায় চালু করতে আন্তর্জাতিক শক্তির প্রতি আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথ সচল রাখতে গঠিত বহুজাতিক সামুদ্রিক টাস্ক ফোর্সে যোগ দেওয়ার পরিকল্পনা করছে দেশটি।
প্রতিবেদন অনুযায়ী, আমিরাত তার মিত্রদের জানিয়েছে যে, ইরানের পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালী পুনরুদ্ধারে আন্তর্জাতিক অংশগ্রহণ প্রয়োজন। একটি সূত্র ব্রিটিশ দৈনিকটিকে জানিয়েছে, লক্ষ্য হচ্ছে যতটা সম্ভব বিস্তৃত একটি আন্তর্জাতিক জোট গঠন করা।
সূত্রটি আরো উল্লেখ করে, এ উদ্যোগের উদ্দেশ্য সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো নয়। বরং বৈশ্বিক অর্থনীতির ওপর যে চাপ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে সমন্বিত প্রতিক্রিয়া গড়ে তোলাই প্রধান লক্ষ্য।
ইরান হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর পারস্য উপসাগর এলাকায় তেহরানের হামলায় এক ডজনের বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুটে অস্থিরতা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

