ডয়চে ব্যাংকের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ পেট্রোডলারের আধিপত্য ক্ষুণ্ণ করতে পারে, যা বিশ্বে মার্কিন আর্থিক প্রভাবের একটি মূল স্তম্ভ।
ডয়চে ব্যাংকের গবেষক মল্লিকা সচদেভা উল্লেখ করেছেন, “বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের ভূমিকা নির্ধারণে মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বকে অবমূল্যায়ন করা যায় না। চলমান সংঘাত পেট্রোডলার ব্যবস্থার ভিত্তিকে পরীক্ষা করতে পারে।”
পেট্রোডলার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে শুরু হয়। এর অধীনে উপসাগরীয় দেশগুলো তাদের তেল মার্কিন ডলারে বিক্রি করে এবং সেই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে পুনঃবিনিয়োগ করে।
ডয়চে ব্যাংক আরো বলেছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধকে “পেট্রোডলারের আধিপত্য ক্ষয় এবং পেট্রোইউয়ানের সূচনার অনুঘটক” হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে আর্থিক স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

