ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি ভুয়া দূতাবাস পরিচালনার অভিযোগে হর্ষ বর্ধন জৈন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। কবি নগরের একটি ভাড়া বাড়িতে দূতাবাসের নামে কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি। নিজেকে ‘পশ্চিম আর্কটিক’, ‘সাবোরগা’, ‘পুলভিয়া’ এবং ‘লোডোনিয়া’ নামের তথাকথিত দেশের রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দিতেন এই প্রতারক।
উত্তরপ্রদেশের আইন ও শৃঙ্খলা বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিজি) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানান, অভিযানে দূতাবাস সেজে পরিচালিত ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ ভুয়া নথি, অর্থ এবং সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসটিএফ জানায়, সেখান থেকে কূটনৈতিক নম্বর প্লেটযুক্ত চারটি গাড়ি, জাতিসংঘের ১২টি দেশের নামে ভুয়া কূটনৈতিক পাসপোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিলযুক্ত জাল নথিপত্র, দুটি জাল প্যান কার্ড, বিভিন্ন দেশ ও কোম্পানির ৩৪টি সিল, দুটি ভুয়া প্রেস কার্ড, নগদ ৪৪ লাখ ৭০ হাজার রুপি, বৈদেশিক মুদ্রা এবং একাধিক কোম্পানির কাগজপত্র জব্দ করা হয়েছে।
নয়ডা ইউনিটের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হর্ষ বর্ধন জৈন বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অসংখ্য মানুষকে প্রতারণা করতেন। বিদেশি কোম্পানি ও ব্যক্তিদের সঙ্গে চাকরি ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দিয়ে দালালি করতেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআই আরো জানিয়েছে, অভিযুক্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির ছবি বিকৃত করে জনসাধারণকে বিভ্রান্ত করতেন। এর মাধ্যমে তিনি নিজের পরিচয়কে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করতেন।
স্থানীয় থানায় ইতোমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়ার আওতায় তদন্তও শুরু হয়েছে বলে জানায় পুলিশ।

