ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের নিপীড়নের ঘটনা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকেতনে নিজের বাসভবন প্রতীচীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাঙালিদের ওপর যদি অত্যাচার–অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটি কেবল বাঙালিদের বিষয় নয়, গোটা ভারতের বিষয়।”
বৃহস্পতিবার শান্তিনিকেতনে ফেরার পর অমর্ত্য সেন বলেন, “হেনস্তার শিকার যদি বাঙালি হন, পাঞ্জাবি হন বা মাড়োয়ারি হন, আমাদের আপত্তির যথেষ্ট কারণ থাকবে।” ভাষা, অঞ্চল বা জাতিসত্তার ভিত্তিতে কোনো নাগরিককে হেনস্তা করার প্রবণতা নিয়ে তিনি তীব্র উদ্বেগ জানান।
তিনি আরো বলেন, “আমাদের দেশের প্রতিটি নাগরিককে সম্মান দেওয়া উচিত। ভারতীয় নাগরিক হিসেবে সবারই অধিকার রয়েছে দেশের যেকোনো প্রান্তে শান্তিপূর্ণভাবে বসবাস করার। সংবিধান সেই অধিকারই দিয়েছে। সেখানে কোথাও আঞ্চলিক অধিকারের কথা বলা নেই, বরং সার্বভৌম নাগরিক অধিকারের কথাই বলা হয়েছে।”
বাংলা ভাষার প্রতি অবজ্ঞা ও হেনস্তার প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা। চর্যাপদের মাধ্যমে যার জন্ম, তার মূল্য অবশ্যই স্বীকার করতে হবে। এই ভাষায় অসাধারণ সব সাহিত্য রচনা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম আমাদের সামনে স্পষ্টভাবে রয়েছে। এদের মূল্য দিতেই হবে।“
অমর্ত্য সেনের এই বক্তব্য এমন সময় এলো, যখন দেশের একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকরা নানা ধরনের নিপীড়নের অভিযোগ করছেন এবং পশ্চিমবঙ্গ জুড়ে এ নিয়ে উদ্বেগ বাড়ছে।

