পাঞ্জাবে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারকে দত্তক নিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। রাজ্যের অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা এবং ফিরোজপুর জেলার পরিবারগুলোর জন্য তিনি তার সংগঠন মীর ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ সহায়তা সরবরাহ করবেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ওষুধ, খাদ্য, স্যানিটেশন সরঞ্জাম, মশারি, ত্রিপল, বিছানা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
মীর ফাউন্ডেশন মূলত অ্যাসিড আক্রমণের শিকার নারীদের সমাজের মূলধারার সঙ্গে যুক্ত করার কাজ করে। শাহরুখের বাবার নামেই প্রতিষ্ঠিত এই সংস্থা অতীতে কোভিড মহামারির সময় অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড, রেশন এবং অর্থ সাহায্য প্রদান করেছিল। এখনও তারা বন্যাদুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।
শাহরুখ খানের পাশাপাশি বলিউডের অন্যান্য তারকারাও পাঞ্জাবের বন্যা ত্রাণ কার্যক্রমে সক্রিয়। সালমান খান ‘বিয়িং হিউম্যান’ সংগঠনের মাধ্যমে পাঁচটি উদ্ধারকারী নৌকা পাঠিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোনু সুদ তার পরিবারসহ হাজার হাজার গ্রামে ত্রাণ বিতরণ করছেন। অক্ষয় কুমার, আলিয়া ভাট এবং দিলজিৎ দোসাঞ্জও বন্যার্তদের সহায়তা প্রদান করছেন।
উল্লেখ্য, ১৯৮৮ সালের পর পাঞ্জাবে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। রাজ্যের ২৩ জেলার ৩.৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরে ভারি বর্ষণের কারণে শতদ্রু, বিয়াস ও রবি নদী প্লাবিত হয়েছে। এতে ১,৬৫৫ গ্রাম প্রায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

