যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে অভিবাসনবিরোধী অভিযানে আটক ৬১৫ জনকে মুক্তি দিতে বলেছেন এক ফেডারেল বিচারক। মানবাধিকার সংস্থার আবেদনের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে।
বিচারক জেফ্রি কামিংস নির্দেশ দিয়েছেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে বাধ্যতামূলক আটকাদেশ নেই এবং যারা সমাজের জন্য ঝুঁকিপূর্ণ নয়, তাদের ২১ নভেম্বরের মধ্যে মুক্তি দিতে হবে।
মামলাটি দাখিল করে এনআইজেসি এবং এসিএলইউ অভিযোগ করে যে, ট্রাম্প প্রশাসনের “অপারেশন মিডওয়ে ব্লিটজ” অভিযানে আইসিই বহু মানুষকে বেআইনিভাবে আটক করেছে। অভিযানের পর অন্তত ৩ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ জন স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন।
এ বিষয়ে এনআইজেসি–এর আইনজীবী মার্ক ফ্লেমিং বলেছেন, “মোট ৬১৫ জনের জামিন মঞ্জুর হয়েছে। তবে যেহেতু অনেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছেন, বাস্তবায়ন কেমন হবে, সেটাই এখন বড় প্রশ্ন।”
অন্যদিকে, মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর আদালতের রায়ের তীব্র সমালোচনা করেছে। সংস্থার মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, “একজন ‘অ্যাক্টিভিস্ট বিচারক’ ৬১৫ অবৈধ অভিবাসীকে মুক্তি দিয়ে নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন।” স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর আপিল করবে কি না, তা এখনও জানা যায়নি। তবে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা রায়ের স্থগিতাদেশের জন্য সময় চেয়ে আবেদন করেছেন।

