রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার চার বছরের মধ্যে প্রথমবার ভারতের সফরে আসছেন। তার সঙ্গে আসছে নিরাপত্তা বহর, যার মূল আকর্ষণ হল তাঁর ব্যবহৃত বিলাসবহুল ও সাঁজোয়া লিমোজিন অরাস সেনাট। এটি বিশ্বের অন্যতম নিরাপদ যানবাহন হিসেবে পরিচিত।
পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন এবং রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।
অরাস সেনাটের বিশেষত্ব-
অরাস সেনাট রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে নির্মিত। এটি রাষ্ট্রপতি ও সরকারি কাজে ব্যবহার করার জন্য বিশেষভাবে তৈরি। গাড়িটির ভেতরের অংশ অত্যন্ত বিলাসবহুল এবং আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। পুতিন পূর্বে মার্সিডিজ-বেঞ্জ এস ৬০০ গার্ড পুলম্যান ব্যবহার করতেন। তবে পরে রাশিয়ার কোর্তেজ প্রকল্পের অধীনে নিজস্ব গাড়ি তৈরি করা হয়।
২০১৮ সালে পুতিনের শপথ অনুষ্ঠানে অরাস সেনাট উন্মোচন করা হয়। এটি সোলার্স জেএসসি ও সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিংয়ের যৌথ উদ্যোগে তৈরি করা হয়। ২০২১ সালে এর ব্যাপক উৎপাদন শুরু হয়। ২০২৪ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উপহার হিসেবে দেওয়া হয়।
অরাস সেনাটকে ‘অভেদ্য’ বলা হয় কেন-
চরম হুমকির মুখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের সক্ষমতা রয়েছে অরাস সেনাটের। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—
লিমোজিনটি সম্পূর্ণ বুলেটপ্রুফ। এটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধের সক্ষমতা রয়েছে। গাড়িটি পানিতে পড়ে গেলে ভেসে থাকতে পারে ও নিরাপদ স্থানে পৌঁছানোর আগপর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পারে। সব টায়ার নষ্ট হয়ে গেলেও গাড়িটি উচ্চগতিতে চলতে পারে।
রাসায়নিক হামলা প্রতিরোধে গাড়ির কেবিনে রয়েছে স্বতন্ত্র বায়ু-পরিশোধন ব্যবস্থা, যা ভেতরে বিষাক্ত গ্যাস ঢুকতে দেয় না। গাড়িটির ইঞ্জিন এত বেশি শক্তিশালী যে এটি ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি ওঠাতে মাত্র ৬ থেকে ৯ সেকেন্ড সময় নেয়।
গাড়িটির ভেতরের অংশ অত্যন্ত বিলাসবহুল। চামড়ার আসন, হাতে বানানো কাঠের প্যানেল, জলবায়ু নিয়ন্ত্রণব্যবস্থা ও নিরাপদ যোগাযোগব্যবস্থা রয়েছে।
অরাস সেনাটের মূল্য-
অরাস সেনাটের সাধারণ সংস্করণের দাম প্রায় ১ কোটি ৮০ লাখ রুবল। পুতিনের জন্য তৈরি বিশেষ সাঁজোয়া সংস্করণে গোপন নিরাপত্তা প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর দাম সাধারণ মডেলের প্রায় দ্বিগুণ। সাধারণ মানুষের জন্য এই বিশেষ সংস্করণ তৈরি করা হয় না।

