ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ফিলিস্তিনের দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত হুসাম জুমলুত এ ঘটনাকে ব্রিটিশ-ফিলিস্তিন সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।
সোমবার পূর্ব লন্ডনের হামারস্মিথ এলাকায় দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুসাম জুমলুত বলেন, এই দিনটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। তার ভাষায়, যুক্তরাজ্যে পূর্ণ কূটনৈতিক মর্যাদাসহ ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস চালু হওয়া ফিলিস্তিনি জনগণের সার্বভৌম রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার এবং আন্তর্জাতিক পরিসরে সমান মর্যাদার প্রতীক।
তিনি বলেন, গাজা, পূর্ব জেরুজালেম, অধিকৃত পশ্চিম তীর, শরণার্থী শিবির এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রজন্মের পর প্রজন্মের ফিলিস্তিনিদের কাছে এই দূতাবাস একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি প্রমাণ করে যে ফিলিস্তিনি পরিচয় অস্বীকার করা যাবে না, অস্তিত্ব মুছে ফেলা সম্ভব নয় এবং তাদের জীবনের মূল্য খাটো করা যাবে না।
ফিলিস্তিনি দূত আরো বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত একটি জাতির জন্য এটি অত্যন্ত স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দখলদার ইসরায়েলের গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে চালানো সামরিক অভিযানের প্রেক্ষাপটে এবং ইসরায়েলের আপত্তি উপেক্ষা করেই এই স্বীকৃতির সিদ্ধান্ত নেয় দেশটি।

