অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে এ বছরের প্রথম সপ্তাহে ইসরায়েলি দখলদার বাহিনী ১৫০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার স্টাডিজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, চলমান দমন নীতির অংশ হিসেবে পশ্চিম তীর ও জেরুজালেমের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন নারী ও আট শিশু রয়েছেন। এছাড়া আছেন সাংবাদিক এবং বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী মুক্তিপ্রাপ্ত কিছু নারীও।
ইসরায়েলি বাহিনী শত শত বাড়িতে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। গ্রাম, শরণার্থী শিবির এবং শহরগুলোতেও হামলা চালানো হয়েছে। বিবৃতিতে এই কর্মকাণ্ডকে সম্মিলিত শাস্তি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পদ্ধতিগত নির্যাতনের অংশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দখলদার ইসরায়েল নতুন বছরের শুরুতেই অভিযোগ দায়ের না করে ১৩৬টি প্রশাসনিক আটক আদেশ জারি করেছে।
এছাড়া, ইসরায়েলি বাহিনী বিরজেইত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দিদের সমর্থনে আয়োজিত সংহতি সমাবেশে হামলা চালিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমের সরঞ্জাম জব্দ করেছে এবং ভাইস-প্রেসিডেন্টকে আটক করেছে।

