ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি ছোট আকৃতির বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার নিখোঁজের একদিন পর রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ সুলাওয়েশি প্রদেশের একটি পাহাড়ি এলাকায় এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিমানটিতে মোট ১১ জন আরোহী ছিলেন। সূত্র: আল-জাজিরা
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বিমানটি ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার ইয়োগইয়াকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েশির মাকাসসার শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছু সময় পর এটি রাডার থেকে হারিয়ে যায়।
মাকাসসারের সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, রোববার সকালে উদ্ধারকারী দল একটি হেলিকপ্টার থেকে বুলুসারারুং পাহাড়ের পাদদেশে বিমানের জানালার ভাঙা অংশ দেখতে পায়। পরে ওই এলাকাতেই বিমানের আরো বড় অংশের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
তিনি বলেন, বিমানের মূল অংশ শনাক্ত হওয়ায় অনুসন্ধান এলাকা অনেকটাই সীমিত করা সম্ভব হয়েছে। এতে উদ্ধার অভিযান আরো নির্দিষ্ট ও কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে। বর্তমানে যৌথ উদ্ধারকারী দল নিখোঁজ আরোহীদের সন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে কেউ জীবিত আছেন কি না, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।
ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের টিআর ৪২-৫০০ মডেলের এই টার্বোপ্রপ বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছিল দক্ষিণ সুলাওয়েশি প্রদেশের পাহাড়ি জেলা মারোসের লেয়াং-লেয়াং এলাকায়। বিমানটিতে আটজন ক্রু সদস্য এবং তিনজন সাধারণ যাত্রী ছিলেন, যারা ইন্দোনেশিয়ার সমুদ্র ও মৎস্য বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা।
ঘন কুয়াশা ও দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে উদ্ধার অভিযান পরিচালনায় উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

