ভারত, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের জন্য গাড়ির আমদানি শুল্ক বড়সড়ভাবে কমাতে যাচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এই শুল্কছাড়ের সিদ্ধান্তে সম্মত হয়েছে।
সূত্র জানিয়েছে, বর্তমানে ইউরোপ থেকে আমদানি করা গাড়ির ওপর সর্বোচ্চ ১১০ শতাংশ শুল্ক থাকে। চুক্তির প্রথম ধাপে তা কমিয়ে ৪০ শতাংশ করা হবে। তবে এই সুবিধা আপাতত সীমিত সংখ্যক গাড়ির জন্য প্রযোজ্য হবে। যেসব গাড়ির মূল্য ১৫ হাজার ইউরো (প্রায় ১৭,৭৩৯ ডলার) বা তার বেশি, সেগুলির ওপরই শুল্কছাড় কার্যকর হবে।
পরবর্তী সময়ে শুল্ক আরও কমিয়ে ১০ শতাংশে নামানোর পরিকল্পনা রয়েছে। এতে ফক্সওয়াগেন, মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউসহ অন্যান্য ইউরোপীয় গাড়ি নির্মাতারা ভারতীয় বাজারে সহজে প্রবেশ করতে পারবে।
দেশীয় প্রস্তুতকারক টাটা মোটরস ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-র বিনিয়োগ রক্ষার্থে বৈদ্যুতিক গাড়ির ওপর আপাতত কোনো শুল্কছাড় দেয়া হবে না। চুক্তির প্রথম পাঁচ বছরে ইভি সুবিধার বাইরে থাকবে। তবে পাঁচ বছর পর ইভির ক্ষেত্রেও শুল্কছাড় কার্যকর হতে পারে।
বর্তমানে ভারতের গাড়ি বাজারে ইউরোপীয় সংস্থাগুলোর দখল মাত্র ৪ শতাংশেরও কম। ফক্সওয়াগেন, মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ, রেনল্ট ও স্টেলান্টিসের মতো সংস্থাগুলো সরাসরি উপকৃত হবে। উচ্চ শুল্কের কারণে বিলাসবহুল গাড়িগুলো আগে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ছিল।
ভারতের রফতানি বৃদ্ধির জন্যও এই চুক্তি গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমেরিকা ভারতীয় বস্ত্র ও অলঙ্কার শিল্পের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় ইউরোপের সঙ্গে এই চুক্তি বিশেষ সহায়ক হবে। প্রায় দুই দশক ধরে চলা আলোচনার পর চুক্তির স্বাক্ষর হতে যাচ্ছে। তাই একে ‘মাদার অফ অল ডিলস’ বা সেরা চুক্তি হিসেবে অভিহিত করা হচ্ছে।
তবে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় এবং ইউরোপীয় কমিশন এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সব ঠিক থাকলে আগামীকাল দিল্লিতে ভারত-ইইউ সম্মেলনে চুক্তি চূড়ান্ত হতে পারে।

